সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া আদালতের পাশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সঙ্গে এখানে নেতাজির জন্মদিন পালন করা হয়। এই বছর ২৩শে জানুয়ারি নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে এসে মূর্তি সংলগ্ন এলাকাটিকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। সেই মতো এবার পূর্তদপ্তরের উদ্যোগে নেতাজি মূর্তি সংলগ্ন এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হল। এলাকায় সুদৃশ্য গেট তৈরি হয়েছে, মূর্তির পাশে বসেছে বাহারি ফুলের গাছ। আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। ভিতরে দু’টি ফোয়ারাও বসানো হয়েছে। পাশাপাশি নেতাজি মূর্তির উপরে রঙিন ছাতাও টাঙানো হয়েছে।
দেশের নানা প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়ার ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে নেতাজির নাম। একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ১৯৪০ সালের ৫ মে নেতাজি উলুবেড়িয়ার এসেছিলেন। সেইদিন উলুবেড়িয়ার গরহাটা ময়দানে বিশাল জনসভায় তিনি ভাষণও দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর উলুবেড়িয়া আদালতের পাশে উলুবেড়িয়া টাউন ক্লাবের উদ্যোগে এই নেতাজি মূর্তি স্থাপিত হয়। জগৎপুর আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান, এই মূর্তিটি ভারতে নেতাজির দ্বিতীয় প্রাচীনতম মূর্তি। ঐতিহাসিক এই মূর্তিটি রাজ্য সরকার যে নতুনভাবে সংস্কার করছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল জানান, আনন্দের খবর। নিজস্ব চিত্র