Bartaman Logo
১০ জুন, ২০২৬

২ বছরের মধ্যে চালু ২৪ কোচের বন্দে ভারত স্লিপার

২ বছরের মধ্যে চালু ২৪ কোচের বন্দে ভারত স্লিপার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেনের তকমা ছিলই। বন্দে ভারত এক্সপ্রেসকে এবার দেশের মধ্যে দীর্ঘতম ট্রেন হিসেবে পরিণত করতে উদ্যোগী হচ্ছে রেলমন্ত্রক। সেইমতোই ১৬ কোচের বন্দে ভারত ট্রেন বৃদ্ধি পেয়ে হচ্ছে মোট ২৪ কোচের। তবে এখনই নয়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ২৪ কোচের করতে আরও দু’বছর সময় নেবে রেল বোর্ড। প্রথম পর্বে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনগুলিকেই ২৪ কোচের হিসেবে চালু করা হবে। অর্থাৎ, পরবর্তী দু’বছরের মধ্যেই যাত্রী পরিষেবা শুরুর ভাবনা রয়েছে ২৪ কোচের বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রের খবর, সম্প্রতি বোর্ডের বৈঠকেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
Advertisement
জানা যাচ্ছে যে, দু’টো উৎপাদন সংস্থাকে ইতিমধ্যেই ২৪ কোচের ৫০টি বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত দিয়েছে রেলমন্ত্রক। এর মধ্যে একটি সংস্থা তৈরি করবে ৩৩টি রেক। অন্যটি তৈরি করবে ১৭টি রেক। আগামী দু’বছরের মধ্যেই ২৪ কোচের ৫০টি বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী পরিবহণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এই মুহূর্তে একটি ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কমবেশি ১ হাজার ১০০ জন যাত্রী যেতে পারেন। ‘স্লিপার’ ট্রেনের পর অবশ্য বন্দে ভারত চেয়ার কার ট্রেনগুলিকেও ২৪ কোচে পরিণত করার ভাবনা রয়েছে রেলের। 
রেল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের অধিকাংশই ২৪ কোচের কম হয়। দিল্লি-প্রয়াগরাজ এক্সপ্রেস অবশ্য ২৪ কোচের চালানো হয়। তবে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলির কোচের সংখ্যা ২৪-এর কম। দুরন্তে কমবেশি ১৮টি কোচ রয়েছে। কলকাতা, দিল্লি রুটের রাজধানী এক্সপ্রেস সাধারণত ২২টি কোচেই চলে। তবে যাত্রীর নিরিখে বিভিন্ন সময় ট্রেন কোচের সংখ্যা কমানো-বাড়ানোই রেলের দস্তুর। সেক্ষেত্রে নিয়মিতভাবে ২৪ কোচের ট্রেন চালানোর প্রেক্ষিতে বন্দে ভারত ‘স্লিপার’ই দেশের মধ্যে দীর্ঘতম হতে চলেছে বলে রেল বিশেষজ্ঞ মহলের ধারণা। শুক্রবার রাজ্যসভায় সিপিআই সাংসদ পি পি সুনীরের এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি অর্থবর্ষে গত ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় ২ কোটি ১৪ লক্ষ যাত্রী বন্দে ভারত ট্রেনে সফর করেছেন। সবক’টি রুটেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সার্বিক ‘অকুপেন্সি’র হার ছিল কমবেশি ১০০ শতাংশই। অর্থাৎ, বন্দে ভারত ট্রেনের এহেন ‘জনপ্রিয়তা’কে মূলধন করেই লক্ষ্মীলাভে জোর দিচ্ছে রেলমন্ত্রক। কারণ ১০০ টাকা আয়ে ক্রমবর্ধমান খরচই চিন্তা রেলের।
Advertisement
সম্পর্কিত সংবাদ