সংবাদদাতা, পুরুলিয়া: প্রায় এক কোটি টাকা ব্যয়ে দশ বছর আগে হস্টেলের ভবন তৈরি হলেও আজও চালু হল না। তফসিলি জাতি ও উপজাতির মেয়েদের জন্য তৈরি ওই হস্টেল চালু না হওয়ায় সমস্যায় পড়ছে বেগুনকোদর হাইস্কুলের ছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, অভ্যন্তরীণ পরিকাঠামোর অভাবে হস্টেলটি চালু করা যায়নি।
Advertisement
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১২-’১৩ সাল নাগাদ বেগুনকোদর হাইস্কুল লাগোয়া এলাকায় দোতলা হস্টেল ভবনটি তৈরি হয়। তফসিলি জাতি এবং উপজাতির ৫০জন ছাত্রীর ওই হস্টেলে থাকার কথা। যদিও ভবনটি তৈরি হয়ে গেলেও ১০বছরেরও বেশি সময় ধরে তালাবন্ধ হয়েই পড়ে রয়েছে। ওই হস্টেলটি চালু করার বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অযোধ্যা পাহাড় থেকে শুরু করে দূর-দূরান্তের ছাত্রীরাও এখানে এসে পড়াশোনা করে। কিন্তু হস্টেলে থাকার জায়গা না থাকায় অনেকেই নিয়মিত স্কুলে ক্লাস করতে পারে না। ইতিমধ্যে প্রায় ৭০জনেরও বেশি হস্টেলের জন্য আবেদন করলেও তাদের থাকার সুযোগ করে দেওয়া যায়নি বলে জানা গিয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, হস্টেলটি চালু করার বিষয়ে আগে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ছিল। কিন্তু বেগুনকোদরে নতুন পুলিস ক্যাম্পের সূচনা হওয়ার পর থেকে সেই সমস্যাও নেই। তবে হস্টেল ভবনটি তৈরি হলেও অভ্যন্তরীণ পরিকাঠামোর কিছু সমস্যা রয়েছে। ছাত্রীদের থাকার খাট থেকে শুরু করে রান্নার সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র এখনও পাওয়া যায়নি। এবিষয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছেও আবেদন করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বেগুনকোদর হাইস্কুলের টিআইসি সোমনাথ কর্মকার বলেন, ৯৯লক্ষ টাকা ব্যয় করে ওই হস্টেল ভবনটি তৈরি হয়েছিল। স্কুলের ভিতরেই আদিবাসী মেয়েদের একটি হস্টেল রয়েছে। তবে ওই হস্টেলের বেডের তুলনায় অনেক বেশি পড়ুয়া আবেদন করেছে। ছাত্রীদের থাকার খাট সহ অন্যান্য সামগ্রী পাওয়া গেলেই হস্টেলটি চালু করা সম্ভব হবে।



