নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫ বছর পর আজ কি কমবে রেপো রেট? রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটির তিনদিনের বৈঠকের পর আজ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সিংহভাগ আর্থিক সমীক্ষক সংস্থারই পূর্বাভাস, কমতে চলেছে রেপো রেট। ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট হতে পারে ৬.২৫ শতাংশ। ৪ শতাংশ থেকে রেপো রেট ক্রমাগত বৃদ্ধি পেয়ে হয়েছে সাড়ে ৬ শতাংশ। কেন এতদিন ধরে রেপো রেট কমানো হয়নি? কারণ মূল্যবৃদ্ধি। মোদি সরকারভ লাগাতার চাপ দেওয়া সত্ত্বেও রেপো রেট কমাতে রাজি হননি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। কারণ তাঁর অভিমত ছিল, মূল্যবৃদ্ধি, বিশেষ করে খাদ্যসামগ্রীর দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বহু চেষ্টা করেও রিজার্ভ ব্যাঙ্ক অথবা কেন্দ্রীয় সরকার কেউই মূল্যবৃদ্ধি কমাতে পারেনি। এমতাবস্থায় সরকারের চাপ সত্ত্বেও কমানো হয়নি রেপো রেট। শক্তিকান্ত দাসের ফর্মুলা ছিল, রেপো রেট কমালে মূল্যসূচক আরও বেড়ে যাবে। তার কাছে মূল্যবৃদ্ধি ঠেকানো ছিল প্রধান অগ্রাধিকার। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা চেয়ারে বসার পরই আভাস দিতে শুরু করেন, শুধু খাদ্যের মূল্যবৃদ্ধির জেরে রেপো রেটকে এভাবে উঁচুতে রেখে দেওয়া যাবে না। আর্থিক বৃদ্ধির জন্য রেপো রেট কমানো প্রয়োজন। তাঁর গভর্নর পদে আরোহণের পর এই প্রথম নীতি নির্ধারণ কমিটির বৈঠক হচ্ছে। সুতরাং প্রথম বৈঠকেই রেপো রেট কমিয়ে দিলে বোঝা যাবে সরকারের প্রদর্শিত পথেই হাঁটবেন তিনি। আর রেপো রেট কমলে বোঝা যাবে, রিজার্ভ ব্যাঙ্ক কার্যত স্বীকার করে নিচ্ছে যে, খাদ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা আর সম্ভবও নয়। অগ্রাধিকার তালিকাতেও নেই।



