Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৩১ বছর পর পুর উত্সব গঙ্গারামপুরে

৩১ বছর পর পুর উত্সব গঙ্গারামপুরে
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: পুরসভা প্রতিষ্ঠার ৩১ বছর পর গঙ্গারামপুরে হবে পুর উৎসব। প্রথমবার এই উত্সব হতে চলেছে। ১৯৯৩ সালে প্রথম গঙ্গারামপুর পুরসভা গঠিত হয়। ২০১৫ সালে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে। দীর্ঘদিন থেকেই শহরবাসীর দাবি ছিল, শীতের মরশুমে পুর উৎসব করুক পুর কর্তৃপক্ষ। 
Advertisement
এবারে পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে  হবে পুর উৎসব। পুর উৎসবের খবর চাউর হতেই খুশির হাওয়া শহরজুড়ে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল মাঠে হবে দু’দিনের অনুষ্ঠান। দৌড়, শহরের স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে থাকবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শহরের ক্লাবগুলিকে অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে। শহরবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। গঙ্গারামপুর শহরের স্বনির্ভর দলগুলি খাবারের স্টল দেবে।
২০১৫ সাল  থেকে পুরসভা শহরবাসীর জন্য কী কাজ করেছে, তাও তুলে ধরা হবে। সেজন্য আলাদা স্টল থাকবে। সেখানে ছবির মাধ্যমে তা তুলে ধরা হবে। শহরের প্রবীণ নাগরিকদের পুরস্কৃত করা হবে। শহরকে আরও সুন্দর করে তুলতে পুর উৎসবের মঞ্চ থেকে প্রবীণ নাগরিকদের মতামত নেওয়া হবে। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য কমিটি গঠন করে দফায় দফায় আলোচনা সারছে পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান বলেন, শহরবাসীর দাবিকে সম্মান জানিয়ে পুর উৎসবের আয়োজন। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। আমরা ক্ষমতায় এসে শহরবাসীর জন্য কী করেছি, তা তুলে ধরব। এবিষয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত চক্রবর্তীর বক্তব্য, পুরসভার উন্নয়ন তুলে ধরতে হলে জন্মলগ্ন থেকেই তুলে ধরা উচিত। সিপিএম নেতার দাবি, পুরসভার ভিত তৈরি থেকে যাবতীয় উন্নয়ন বাম আমলেই হয়েছে। তবে পুর উত্সবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুদ্রনীল সাহার মতো অনেকে শহরবাসী।
সম্পর্কিত সংবাদ