Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩০ বছর পর বড়ঞার স্বাস্থ্যকেন্দ্রে ফের ‌ইনডোর চালু

৩০ বছর পর বড়ঞার স্বাস্থ্যকেন্দ্রে ফের ‌ইনডোর চালু
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: প্রায় ৩০ বছর পর ফের বড়ঞা ব্লকের পাঁচথুপি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর বিভাগ চালু হল। শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও বিএমওএইচ সৌমিক দাস। প্রাথমিকভাবে এদিন সেখানে ছ’টি বেড চালু করা হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটের দশকে ওই স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছিল। কিন্তু ৯০এর দশকে শেষের দিকে স্বাস্থ্যকেন্দ্রের ভবনের ভগ্নদশার কারণে ইনডোর বিভাগ বন্ধ করে দেওয়া হয়। এরপর এদিন সেখানে আবার ইনডোর বিভাগ চালু হওয়ায় খুশি এলাকাবাসী। স্থানীয় পাঁচথুপি নাগরিক মঞ্চের সম্পাদক অজিতকুমার শাস্ত্রি বলেন, ইনডোর বিভাগ চালু করার জন্য আমরা দীর্ঘ আন্দোলন করে গিয়েছি। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকার প্রতিটি মানুষ খুশি।
বড়ঞা ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সেখানে মোট ছ’টি বেড চালু করা হয়েছে। তার মধ্যে দু’টি বেড রাখা হয়েছে মেল ও ফিমেল ওয়ার্ডে। দু’টি বেড সংরক্ষিত রাখা হয়েছে গর্ভবতীদের জন্য। এছাডাও একটি অ্যাম্বুলেন্সও এদিন সেখানে দেওয়া হয়েছে। 
স্থায়ীভাবে সেখানে দু’জন চিকিৎসক থাকছেন। আরও দুইজন চিকিৎসক পালা করে বড়ঞা গ্রামীণ হাসপাতাল থেকে সেখানে পাঠান হবে। এছাড়াও নার্স ও অন্যান্য স্টাফও রয়েছেন। বিএমওএইচ বলেন, এদিন ওই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর বিভাগ চালু করা হয়েছে। দীর্ঘদিন পর এটিকে ফের চালু করতে পেরে আমরাও খুশি।
Advertisement
সম্পর্কিত সংবাদ