সংবাদদাতা, রঘুনাথপুর: দীর্ঘ ১১ বছর পর আদ্রা ডিভিশন রেল কর্মী সংগঠনের নির্বাচন হচ্ছে। আজ বুধবার থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আদ্রা ডিভিশনে রেল কর্মী সংগঠনের নির্বাচন হবে। যার জন্য সকল রেলকর্মী সংগঠনগুলি জোর প্রস্তুতি সেরেছে। এবারে নির্বাচন তৃণমূল ও বিজেপির কাছে অস্তিত্বের রক্ষা লড়াই বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস তথা দক্ষিণপন্থী সংগঠন মেনস কংগ্রেস এবং বামপন্থী সংগঠনের মেনস ইউনিয়ন আধিপত্য রেখে চলেছে। সে ক্ষেত্রে বিজেপি তথা আরএসএস প্রভাবিত বিএমএসের রেল কর্মী সংগঠন ডিপিআরএমএস এবং তৃণমূলের রেল কর্মী সংগঠন (এসইআরএমএস টিএমসি) সাউথ ইস্টার্ন রেলওয়ে মেনস তৃণমূল কংগ্রেসের কাছে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবারে দুই সংগঠন নির্বাচন নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছে। কেন রেল কর্মী সংগঠনের নির্বাচন? জানা গিয়েছে, রেল কর্মীদের নানান দাবি দাওয়া ও অভিযোগের মীমাংসা করতে শুধুমাত্র অনুমোদন প্রাপ্ত রেল কর্মী সংগঠনগুলির সঙ্গে রেল আলোচনায় বসে। নীতি প্রণয়ন ও রেলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ক্ষেত্রে কর্মী সংগঠনগুলির গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে কোন রেল কর্মী সংগঠনকে স্বীকৃতি লাভ করতে গেলে নির্বাচনে ৩৫ শতাংশ কর্মীর ভোট প্রয়োজন হয়। যে সব সংগঠন ৩৫ শতাংশ রেল কর্মী ভোট পায়, তারাই কর্মী সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে। একটি সূত্র থেকে জানা গিয়েছে, এতদিন কংগ্রেস এবং বাম দুই রেল সংগঠন স্বীকৃতি লাভ করেছে। বিজেপি ২০০৫ সালে স্বীকৃতি চেয়ে রেলের কাছে আবেদন করে। কিন্তু রেল স্বীকৃতি না দেওয়ায় তারা আদালতের দারস্থ হয়। আদালত রায় দেয়, কোনও শ্রমিক সংগঠনকে স্বীকৃতি পেতে গেলে রেল কর্মচারীদের সমর্থন পেতে হবে। রেলের তরফ থেকে জানানো হয়, নির্বাচনে যে সব সংগঠন ৩৫ শতাংশ ভোট পাবে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আদ্রায় ২০০৯ সালে প্রথম নির্বাচন হয়। সেই সময় মেনস কংগ্রেস ও মেনস ইউনিয়ন স্বীকৃতি লাভ করে। ২০১৩ সালের নির্বাচনে একেই ছবি উঠে আসে। সেই নির্বাচনে কংগ্রেস ৫২ শতাংশ এবং বাম দল ৪০ শতাংশ ভোট পায়। বিজেপির সংগঠন প্রায় সাত শতাংশ এবং তার চেয়েও কম ভোট পায় তৃণমূল সংগঠন।
Advertisement
আদ্রা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এবার নির্বাচনে মোট সাতটি সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রায় ১২ হাজার রেল কর্মী ভোট দেবেন। নির্বাচনে কোন সংগঠন স্বীকৃতি লাভ করে সকলে সেই দিকেই তাকিয়ে রয়েছেন।



