Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৩ বছর বেড়ার ঘরে থাকার পর বাংলার বাড়ি পেলেন শিপ্রা

২৩ বছর বেড়ার ঘরে থাকার পর বাংলার বাড়ি পেলেন শিপ্রা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বিশেষভাবে সক্ষমস্বামী এবং দুই ছেলে নিয়ে বেড়ার ঘরে বাস। শ্রমিকের কাজ করে চলত সংসার। মাথার উপর ছাদ হল রাজ্য সরকারের সৌজন্যে। ‘বাংলার বাড়ি’-প্রকল্পের টাকা পেয়ে পাকা বাড়ি তৈরি করছেন রানিডাঙার শিপ্রা বসাক। দীর্ঘ ২৩বছর ধরে বাঁশের বেড়া ও টিনের চালের ঘরে বাসের পর এবার স্থায়ী ঠিকানা জুটল। প্রকল্পের টাকা পেয়ে প্রিয় ‘দিদি’-কে ধন্যবাদ জানাতে ভোলেননি শিপ্রা।
Advertisement
তিনি বলেন, বিয়ের পর থেকে বেড়ার ঘরেই সংসার। স্বামী রূপন বসাক বিশেষভাবে সক্ষম। তাই শ্রমিকের কাজ করেই আমাকে সংসার চালাতে হয়। এখন টাইলস বসানোর কাজ করি। যদিও স্বামী লটারির টিকিট বিক্রি করছেন।  তবে যা উপার্জন, তা দিয়ে খাওয়া খরচ ও ছেলেদের পড়াশোনার খরচই উঠত না। পাকা বাড়ি তৈরির টাকা জোগাড় করা আমাদের সাধ্য ছিল না। বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে জল পড়ত। ছেলেদের নিয়ে বহু কষ্টের সন্মুখীন হয়েছি। এবার দিদির ‘বাংলার বাড়ি’ পেয়ে ভীষণ খুশি আমি। সম্প্রতি বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছি। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অমৃতলাল সরকার এবং প্রধান রীতা সিংহ যথেষ্ট সাহায্য করেছেন এই বাড়ি পেতে। তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। 
এবিষয়ে গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, শিপ্রার নামে বাড়ি আসায় আমরাও খুশি। তাদের প্রয়োজন ছিল। তাদের বাড়ি তৈরিতে সবরকম সহায়তা করা হচ্ছে। সরকারি নিয়ম মেনে সঠিকভাবে যাতে বাড়ি তৈরি হয়, সেদিকটিও দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ