সংবাদদাতা, করিমপুর: প্রায় পাঁচ বছর আগেশুরু হলেও এখনওশেষ হয়নি করিমপুরের অডিটরিয়ামের কাজ। ফলে আশাহত এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ। তাদের আক্ষেপ, এবারের শীতকালীন নাট্যোৎসব কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নবনির্মিত অডিটোরিয়ামেই অনুষ্ঠিত হবে। কিন্তু তা চালু না হওয়ায় অস্থায়ী মঞ্চেই করতে হবে বিভিন্ন অনুষ্ঠান। জানা গিয়েছে, স্থানীয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জমিতে ২০২১ সালের ১৫ নভেম্বর এই অডিটোরিয়ামের শিলান্যাস হয়। সেদিনের শিলান্যাসের অনুষ্ঠানে ফলক, ফ্লেক্স এর নাম নিয়ে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। রাজ্যের মন্ত্রীর নাম থাকা ফ্লেক্স না টাঙিয়েঅন্য ফ্লেক্স মঞ্চে লাগানো হয়। উপস্থিত সাধারণ মানুষের প্রবল আপত্তিতে অবশেষে মঞ্চের ফ্লেক্স পাল্টানো হয়। এই ঘটনায় তৃণমূলের একপক্ষের কর্মীরা প্রতিবাদে স্লোগান দিয়েছিল। তারপরে ফলক উন্মোচনের পর রাতারাতি ফলক চুরি হয়ে যায়। ফলক চুরির অভিযোগে তৃণমূলের দুই কর্মী গ্রেপ্তারও হন। অবশেষে রাজ্য সরকারের বরাদ্দ করা পাঁচ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার বর্গফুট এলাকা জুড়ে ২৮০ আসনের অডিটোরিয়ামের কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, শীত এলেই অন্যান্য জায়গার মত উৎসবের আবহে মেতে ওঠে করিমপুর। এই সময়টায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যোৎসবের মেজাজে থাকেন এলাকার সংস্কৃতি সম্পন্ন মানুষ ও বাসিন্দারা। এত আনন্দের মধ্যে অস্বস্তির কাঁটা অসম্পূর্ণ অডিটোরিয়াম। গত পাঁচ বছর আগে করিমপুর কেন্দ্রে উপ নির্বাচনে তৃণমূল জয়ের পর মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বেঁধেছিল সকলে যে, খুব শীঘ্রই এখানে একটা অডিটোরিয়াম হচ্ছে। সেই কাজটা শুরুও হয়েছিল। তবে মাঝ পথে কয়েকবার কাজ থমকে যাওয়ায় হতাশায় করিমপুর। করিমপুর শরৎস্মৃতি নাট্য সংস্থার সম্পাদক দেবপ্রসাদ সান্যাল বলেন, আন্তর্জাতিক নাট্যমেলার জন্য প্রতি বছর বহু টাকা খরচ করে আমাদের অস্থায়ী মঞ্চ তৈরি করতে হয়। গত বছরেও তিনদিনের নাট্যোৎসবের জন্য মঞ্চ তৈরি করতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছিল। এখানে সরকারি অডিটোরিয়ামটি চালু হলে অনেক কম খরচে এবং আরও বেশিদিনের উৎসব করা সম্ভব হত। আমরা চাই এবছর না হলেও পরের বছর যেন নতুন অডিটোরিয়ামের আমাদের অনুষ্ঠান করতে পারি। অডিটরিয়ামের কাজ নিয়ে শুধু সাংস্কৃতিক জগতের মানুষদের পাশাপাশি প্রশ্ন তুলছেন শাসক দলের অনেকেই। করিমপুর ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি সৌমিক সরকার বলেন, অডিটরিয়ামের কাজ কেন বন্ধ আছে বাকবে শেষ হবে তার জবাব আমার জানা নেই। বিধায়কের উদ্যোগে ও তত্ত্ববধানে এই অডিটোরিয়ামের কাজ শেষ হওয়ার কথা। ২০২৬ এ বিধানসভা ভোট। অথচ তার আগে পাঁচ বছরেও কাজ শেষ হল না। এই বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন, তবেএব্যাপারে বিধায়ক সঠিক বলতে পারবেন। করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, আগামী অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে।



