বার্সেলোনা-৩ : ওসাসুনা-০
বার্সেলোনা-৩ : ওসাসুনা-০
বার্সেলোনা: লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ওসাসুনার কাছে ২-৪ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ফিরতি পর্বে মধুর প্রতিশোধ হ্যান্স ফ্লিকের দলের। বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে কাতালন ক্লাবটি। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে ফেরান তোরেস, ড্যানি ওলমো ও রবার্ট লিওয়ানডস্কি। এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৩।
মার্চের শুরুতেই এই ম্যাচ খেলার কথা ছিল। তবে বার্সেলোনার চিকিত্সকের আকস্মিক মৃত্যুতে তা স্থগিত হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিরতি শেষ হতেই সেই ম্যাচ আয়োজন করা হল। কিন্তু এই সূচিতে রীতিমতো রুষ্ট বার্সার ফুটবলাররা। জুলিয়াস কৌন্দে তো প্রকাশ্যে বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলে একদিনও হয়নি আমার শিবিরে যোগ দিয়েছি। তারমধ্যেই ক্লাবের ম্যাচ। ফেডারেশনের মনে রাখা উচিত, আমরা মেশিন নই।’ যাই হোক, ক্লান্তির প্রভাব ম্যাচে পড়তে দেননি কৌন্দেরা। বৃহস্পতিবার প্রথম মিনিট থেকেই আধিপত্য বিস্তার করে বার্সা। ১১ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বালদের বাড়ানো ক্রস থেকে লক্ষ্যভেদ ফেরান তোরেসের (১-০)। এরপর ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সার ব্যধধান দ্বিগুণ করে ড্যানি ওলমো। তবে তার কিছুক্ষণ পরেই চোটের কারণে মাঠ ছেড়েছেন এই স্প্যানিশ মিডিও। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। ৭৭ মিনিটে গাবির ক্রস থেকে হেডে জাল কাঁপিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুপার-সাব লিওয়ানডস্কি (৩-০)।