নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ক ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে বৈঠক ছিল। কিন্তু সেখানে কোনও সমাধান সূত্র না মেলায় ধর্মঘটে অবিচল রইলেন ব্যাঙ্ক কর্মী ও অফিসাররা। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের ন’টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। প্রতি সপ্তাহে শনি ও রবিবার ছুটি এবং সুষ্ঠু নিয়োগের দাবিতেই মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত সপ্তাহে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে ধর্মঘটী সংগঠনগুলির বৈঠকে কোনও সদর্থক ফলাফল মেলেনি। মঙ্গলবারের বৈঠকে আইবিএ’র সঙ্গেই উপস্থিত ছিলেন অর্থমন্ত্রকের আওতাভুক্ত ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগের কর্তারা। এদিনও কোন সমাধান সূত্র নাফমেলায় আগামী ২১ মার্চ ফের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ধর্মঘটকে ইতিমধ্যেই সমর্থন করে বার্তা দিয়েছে বিরোধী দল সমর্থিত শ্রমিক সংগঠনগুলি।



