টাকার দরে পতন ঠেকাতে একঝাঁক ব্যবস্থার ঘোষণা রিজার্ভ ব্যাংকের
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকার দামে পতন নিয়ে রিজার্ভ ব্যাংক অত্যন্ত উদ্বিগ্ন। এই প্রবণতায় রাশ টানতে একঝাঁক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার মধ্যরাতে ঘোষিত সিদ্ধান্তগুলির মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হল, ভারতের তেল সংস্থাগুলিকে এবার রিজার্ভ ব্যাংক ডলারের যোগান দেবে। অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে অশোধিত তেল ক্রয়ের জন্য এই সংস্থাগুলির যে পরিমাণ ডলার প্রয়োজন হয়, সেই চাহিদা মেটাতে এবার থেকে সম্পূর্ণভাবে আর বাজারের উপর নির্ভর করতে হবে না।  রিজার্ভ ব্যাংক নিজেদের ভান্ডার থেকে একাংশ আগেই সরিয়ে রাখবে তেল সংস্থাগুলিকে সাহায্য করার জন্য। পাশাপাশি  পণ্য ক্রয় বিক্রয় তথা আমদানির ক্ষেত্রে কোনও অর্ডার যদি বাতিল করা হয়, তাহলে কোনওভাবেই সেই অর্ডার আবার দেওয়া যাবে না একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। কারণ একই অর্ডারের জন্য দুবার ডলারের আদানপ্রদান করতে হবে। এশিয়ার মধ্যে সবথেকে বেশি পতন হয়েছে ভারতীয় টাকার দরে। এক ডলারের বিনিময় মূল্য ৯৭ টাকা ছুঁইছুঁই। একঝাঁক আন্তর্জাতিক আর্থিক সমীক্ষক ও রেটিং সংস্থা নিজেদের রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে যে, এক ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রা ১০০ টাকায় পৌঁছে যেতে পারে। সবথেকে বেশি অস্বস্তিকর বার্তা বাংলাদেশের টাকাও অন্তত ডলারের বিনিময়ে যথেষ্ট স্থিতিশীলতা দেখাতে পেরেছে। যত শতাংশ পতন টাকার দরে হয়েছে, সেই নিরিখে বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মুদ্রার পারফরম্যান্স ভালো।  প্রশ্ন উঠছে, একদিকে ভারত সরকার দাবি করছে বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী অর্থনীতির বৃদ্ধিহার হচ্ছে ভারতে, আবার সেই ভারতের মুদ্রার শক্তিই তলানিতে, এটা কীভাবে হয়? রিজার্ভ ব্যাংক সরাসরি ডেরিভেটিভ মার্কেটে এবার হস্তক্ষেপ করা একপ্রকার শেষ চেষ্টা টাকার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। কিন্তু এরপরও কি লাভ হবে? সেই আশা নিরাশার দোলাচল রয়ে. যাচ্ছে। 

Advertisement