Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারতবিরোধী মন্তব্য, ফেরত পাঠানো হল বাংলাদেশি নাগরিককে

ভারতবিরোধী মন্তব্য, ফেরত পাঠানো হল বাংলাদেশি নাগরিককে
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: এপার বাংলায় পা রেখেই ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল বাংলাদেশের এক নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে তুমুল চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। ভারতীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের ওই নাগরিক। পাসপোর্ট-ভিসা থাকলেও শেষ অবধি ওই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে বাধ্য হয় ভারতীয় পুলিস-প্রশাসন। ওই ব্যক্তির ভিসা বাতিলের সুপারিশও করা হয়েছে।

Advertisement

কোচবিহার জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, এদিন দুপুর সওয়া বারোটা নাগাদ চ্যাংরাবান্ধার জিরো পয়েন্টে ট্যাক্সিস্ট্যান্ডে এক বাংলাদেশি নাগরিক ঝামেলা করেন বলে পুলিসের কাছে খবর আসে। পরে সেই ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ওই নাগরিকের নাম আজাদুর রহমান। সে বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। তার সন্তান কালিম্পংয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ছুটিতে ছেলেকে দেশে নিয়ে যেতে এদিন পাসপোর্ট, ভিসা নিয়ে বুড়িমারি থেকে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম সেরে চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ছোটো গাড়ি ভাড়া নেওয়ার জন্য চালকদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু একাধিক চালকের সঙ্গে ভাড়া নিয়ে রফা হচ্ছিল না। কথা বলতে বলতে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং ভারত বিরোধী মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ। এর জেরে ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েন ওই বাংলাদেশি। কোনও ভারতীয় টোটো এবং গাড়িরচালক তাকে গাড়িতে চাপাতে অস্বীকার করেন। এরপর  পায়ে হেঁটেই জিরো পয়েন্ট এলাকা থেকে অনেকটা পথ চ্যাংরাবান্ধা বাইপাসের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে শিলিগুড়ি যাওয়া তাঁর লক্ষ্য ছিল। এই অবস্থায় তার ভারতবিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে থাকেন চ্যাংরাবান্ধার মানুষ। সামাজিক মাধ্যমেও এই নিয়ে লাইভ করতে থাকেন অনেকে। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের নেতৃত্বে পুলিস বাহিনী ছুটে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়। এরপর তাঁকে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়। শেষে ওই বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরত যাওয়ার সময় তিনি ক্ষুব্ধ ভারতীয়দের কাছে ক্ষমাও চান। 
চ্যাংরাবান্ধার বাসিন্দা মুন্না দাসের বক্তব্য, ভারতে ঢোকার পর থেকেই তিনি নানা খারাপ মন্তব্য করছিলেন। শেষে পুলিস হস্তক্ষেপ করেছে। 
মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, গন্তব্যে পৌঁছনোর আগেই পরিস্থিতি সামাল দিতে দেশে ফেরত পাঠানো হয়েছে ওই বাংলাদেশি নাগরিককে। মেখলিগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক আশিস পি সুব্বা বলেন, ওই বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিলের সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশির অনভিপ্রেত আচরণের জন্য সরগরম থাকল চ্যারবাবান্ধা।

Advertisement
সম্পর্কিত সংবাদ