পাণ্ডবেশ্বরে কয়লা খনিতে দুর্ঘটনা, সুড়ঙ্গে আটকে ১৪ শ্রমিক
  • ২৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি কোলিয়ারিতে খনিতে দুর্ঘটনা। ভূগর্ভস্থ কয়লা খনিতে ডুলিতে আটকে ১৪ জন শ্রমিক। উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় খনি মুখ বা চানকে থেকে একটি ডুলি 8 জন শ্রমিককে নিয়ে  কয়লা খনিতে নামছিল। বিপরীত দিক দিয়ে খনির নিচে থাকা অন্য ডুলিটি কয়েকজন শ্রমিককে নিয়ে খনি মুখ বা চানকের দিকে উঠে আসছিল। সেই সময়ে মাটির গভীর সূড়ঙ্গে ডুলি দু’টি আটকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুলিগুলি উঠানামা সচল করা যায়নি। যার জেরে খনির অন্ধকূপে আটকে রয়েছেন চোদ্দ জন শ্রমিক। তাঁরা যাতে মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়েন সেই জন্য একটি ওয়াকি টকি পাঠানো গিয়েছে। এর মাধ্যমে মাটির উপরে থাকা শ্রমিকরা কথা বলছেন। পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের কিছু শুকনো খাবার ও জল পাঠানো গিয়েছে। 

এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করেছেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও। তিনি বলেন, ‘আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।’