অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, ২৪ ঘণ্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার পুলিশের
  • ২৬ অক্টোবর, ২০২৬ ১৪:১৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: নাবালিকাকে অপহরণ করার পরেই অ্যাকশন মোডে পুলিশ। অপহরণের অভিযোগ ওঠার পরই তদন্তে নেমে তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিল ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হল নাবালিকাকে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত প্রণব মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ তারিখ প্রণব মণ্ডলের বিরুদ্ধে তাঁরই এক প্রতিবেশী নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ২৫ তারিখ বিকেলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। তদন্তের সূত্র ধরে রবিবার বিকেলে ময়নাগুড়ির উল্লাডাবরী এলাকায় অভিযুক্তের মামার বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি, অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রণব মণ্ডলকে। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'উদ্ধার হওয়া নাবালিকাকে আপাতত হোমে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে'। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।