ঢাকা: এককথায় নজিরবিহীন! বাংলাদেশের ১৫ জন সেনা আধিকারিককে জেলে পাঠানোর নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট জমা পড়েছিল। অভিযুক্তদের মধ্যে ওই ১৫ জন সেনাকর্তাও ছিলেন। চার্জশিটের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারপরই ১৫ জনকে আলাদা হেপাজতে রেখেছিল বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই সেনাকর্তাদের আদালতে হাজির করা হয়। বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা ওই আধিকারিকদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান থেকে আদালতে নিয়ে যাচ্ছেন। সওয়াল-জবাব শেষে তাঁদের জেলে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ঢাকার সেনা নিবাসের একটি ভবনকেই কারাগার ঘোষণা করা হয়েছে। সেখানেই ১৫ জনকে রাখা হবে।



