নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সংঘর্ষের মামলায় চার অভিযুক্তর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট তাদের জামিন দিয়েছিল। কিন্তু সিবিআইয়ের আবেদনে সাড়া দিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিষয়টিকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলেই রায়ে মন্তব্য করেছে বিচারপতিদ্বয়ের বেঞ্চ। অভিযোগ, বিজেপির হয়ে প্রচার করার জন্য কয়েকজন দুষ্কৃতী অভিযোগকারীর ওপর চড়াও হয়। বাড়ি ভাঙচুর করা হয়। এমনকী তার স্ত্রীকে নিগ্রহ করার চেষ্টা হয় বলেই অভিযোগ ওঠে। যার জেরে ২০২১ সালের বিধানসভা ভোটের সময় বীরভূমে সংঘর্ষের ঘটনা ঘটে বলেই অভিযোগ। আঙুল ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্ত চারজনকে (শেখ জামির হোসেন, শেখ নুরাই, শেখ আশরফ এবং জয়ন্ত ডোম) অবশ্য কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে সিবিআই আপিল করায় সেই নির্দেশ বাতিল করে দেওয়া হল। অভিযুক্তদের আগামী দু সপ্তাহের মধ্যে ট্রায়াল কোর্টে আত্মসর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং আগামী ছ’ মাসের মধ্যে ট্রায়াল কোর্টকে মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে। অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানি শেষ হয়েছিল আগেই। শুক্রবার রায় প্রকাশ করা হল।



