Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে আজাদ কাশ্মীর: কর্তৃপক্ষের কিছুই করার নেই, বললেন উপাচার্য

আজাদ কাশ্মীর নিয়ে দেওয়াল চিত্র পড়ুয়াদের কাজ বলে মেনে নিলেও এতে বিশ্ববিদ্যালয়ের বেশি কিছু করার নেই।

যাদবপুরে আজাদ কাশ্মীর: কর্তৃপক্ষের  কিছুই করার নেই, বললেন উপাচার্য
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজাদ কাশ্মীর নিয়ে দেওয়াল চিত্র পড়ুয়াদের কাজ বলে মেনে নিলেও এতে বিশ্ববিদ্যালয়ের বেশি কিছু করার নেই। আক্রান্ত হওয়ার পরে সোমবার ক্যাম্পাসে প্রথম এসে জানালেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয় বড়জোর ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে পারে। তাঁর বক্তব্য, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা হবে। এদিকে, ক্যাম্পাসে পুলিস ফাঁড়ি করার ক্ষেত্রে খালি জায়গার অভাব থেকেই সমস্যা হতে পারে বলে তিনি এদিন আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, কলকাতা পুলিসের তরফে ক্যাম্পাসে ফাঁড়ি তৈরির জন্য ২০০০ বর্গফুট এবং একটি ছোট বারাক তৈরির জন্য আরও ২০০০ বর্গফুট জায়গা চাওয়া হয়েছে। তবে, এত জায়গা ক্যাম্পাসে নেই। এদিন সকাল ১১টা নাগাদ উপাচার্য ক্যাম্পাসে আসেন। বৈঠক করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, ক্যাম্পাস স্বাভাবিক রয়েছে। ছাত্রভোট এবং ইসি বৈঠক ডাকার জন্য সরকারি অনুমতি চাওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। তবে, পরীক্ষা নিয়ামক দপ্তর সূত্রে খবর, ১ মার্চের পরে ৩০টি লিখিত বিষয়ের পরীক্ষা দেননি পড়ুয়ারা। ২১, ২২ এবং ২৮ মার্চ সেই পরীক্ষাগুলি হবে। এই সময়ের মধ্যে নিয়মিত ক্লাসও প্রায় বন্ধ ছিল। অনেক ক্ষেত্রে সিনিয়র পড়ুয়ারা জুনিয়রদের ক্লাস নিয়েছেন। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ