বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : অসমের হোজাই জেলায় পুলিসের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার সাতজন। মঙ্গলবার রাতে দিঘোলবালি এলাকায় সশস্ত্র স্থানীয়রা পুলিস কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এক মহিলা সাব-ইন্সপেক্টর সহ ১৪ পুলিস কর্মী আহত হন। আইজিপি (আইন ও শৃঙ্খলা) অখিলেশ সিং বুধবার জানান, ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে। পুলিস জানিয়েছে, বনাঞ্চলের একটি অংশ নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সেখানে বালির অবৈধ কারবার চলছিল। বিজেশ নামে একজন বালি তুলতে গেলে তার গাড়ি স্থানীয়রা মাঝপথেই আটকে দেয়। চালককে খুঁটিতে বেঁধে মারধর করা হয়। ঘটনাস্থলে যায় হোজাই থানার পুলিস। পুলিসকে ঘিরে ফেলে হামলা চালায় সশস্ত্র স্থানীয়রা। সিআরপিএফ লাঠিচার্জ করে ও শূন্যে গুলি চালায়।



