লখনউ: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কমপক্ষে পাঁচটি দোকান। শনিবার ঘটনাটি ঘটেছে নয়ডার রায়পুর গ্রামে। একজনের মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ছ’টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়ছে, তদন্ত চলছে। নয়ডার সিএফও প্রদীপ কুমার বলেন, ‘দোকনের ভিতরে একাধিক এলপিজি সিলিন্ডার পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর কেউ ভিতরে আটকে রয়েছেন কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।’ সূত্রের খবর, শনিবার আচমকা কয়েকটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। শুরু হয় উদ্ধারকাজ। আগুন নেভানোর সময় অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।



