উত্তরাখণ্ডের কাচ্চি বিধানসভা কেন্দ্র: কমিশনের নির্দেশেই ফর্ম ৭ জমা বিজেপির, বাদ চার হাজার
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: পশ্চিমবঙ্গ, কর্ণাটক থেকে দিল্লি। ইতিমধ্যে এসআইআরে ফর্ম ৭-কে হাতিয়ার করে ইচ্ছামতো নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এবার তালিকায় যুক্ত হল উত্তরাখণ্ড। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সে রাজ্যের কিচ্চা বিধানসভা এলাকায় এসআইআর চলাকালীন বিজেপি কর্মীদের তরফে হাজার হাজার ফর্ম ৭ জমা করা হয়েছিল। এক্ষেত্রে মুসলিম ভোটারদেরই টার্গেট করা হয়েছে। শুরুতে ইআরও এই ভূরি ভূরি ফর্ম ৭ নিতে অস্বীকার করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কমিশনে এমন কোনো নিয়ম নেই। মজার বিষয়, পরে বিজেপির লোকজন নির্বাচন কমিশনে ইআরও-র বিরুদ্ধে অভিযোগ জানাতেই রাতারাতি সমস্ত ফর্ম ৭ জমা নেওয়া হয়। কোনো নিয়মকেই তোয়াক্কা করা হয়নি। 

Advertisement

বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে কংগ্রেস। হাত শিবিরের কটাক্ষ, উত্তরাখণ্ডে মোদি-জ্ঞানুর (জ্ঞানেশ কুমার) ভোট চুরির খেলা শুরু হয়েছে। জেনে বুঝেই ভোট চুরিতে সাহায্য করেছে কমিশন। যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইআরও-কে বিপুল সংখ্যক ফর্ম ৭ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৪ হাজার ৩৯০ জনের নাম বাদ পড়েছে। বিজেপিকে জেতাতে পুরো সিস্টেম কাজে লাগিয়েছে গদ্দার জ্ঞানেশ। এদের যোগ্য জবাব দেবে আম জনতা।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার কিচ্চা বিধানসভায় খসড়া তালিকায় থাকা ৪ হাজার ৩৯০ জনের নাম হঠাৎই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে। আগস্ট মাসে এর মধ্যে ৬৭০ জনের বিরুদ্ধেই ফর্ম ৭ জমা পড়েছিল। এক্ষেত্রে ৫০৯টি আবেদন জানিয়েছিলেন বিজেপির বিএলএ রাজেশ তিওয়ারি। তিনি আবার প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেশ শুক্লার ঘনিষ্ঠ সহযোগী। কিচ্চায় মোট ৬ হাজার ৮৮৪টি ফর্ম ৭-এর আবেদন গৃহীত হয়েছিল। এর মধ্যে বিজেপির কর্মী রাজেশ একাই ৫ হাজার ৩৫৯ ফর্ম ৭ জমা করেন। এনিয়ে তিওয়ারি জানান, প্রাথমিকভাবে ইআরও এত সংখ্যক ফর্ম ৭ নিতে অস্বীকার করেন। ইআরও জানান, নির্বাচন কমিশনে এমন কোনো নিয়ম নেই। পরে কমিশনে ইআরও-র বিরুদ্ধে অভিযোগ জানাতেই দু’দিনের মধ্যে তাঁকে ইআরও অফিসে ডাকা হয়। সমস্ত ফর্ম ৭ জমা নেওয়া হয়। কমিশনের নির্দেশেই এই কাজ করেছে ইআরও। এনিয়ে অবশ্য চুপ রয়েছেন কিচ্চার ইআরও গৌরব পান্ডে।