Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙন রোধে গার্ডওয়ালের দাবিতে পুরসভার দ্বারস্থ আত্রেয়ী কলোনি

বালুরঘাটের আত্রেয়ী খাঁড়িতে ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে। প্রতিদিনই অল্প করে ভাঙছে আত্রেয়ী কলোনির পাড়।

ভাঙন রোধে গার্ডওয়ালের দাবিতে পুরসভার দ্বারস্থ আত্রেয়ী কলোনি
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের আত্রেয়ী খাঁড়িতে ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে। প্রতিদিনই অল্প করে ভাঙছে আত্রেয়ী কলোনির পাড়। অভিযোগ, চারদিন ধরে ভাঙন দেখা দিলেও এখনও কেউ ব্যবস্থা নিচ্ছে না। ফলে  আতঙ্কে রয়েছে আত্রেয়ী কলোনি। চাপা ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।  আতঙ্কিত বাসিন্দারা বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন। ভাঙন রোধে পুরসভার কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বাসিন্দারা। 

Advertisement

এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলারের মাধ্যমে একটি দাবিপত্র পেয়েছি। আমি ইতিমধ্যে সেচদপ্তরের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। যাতে ওই জায়গায় ভাঙন রোধে গার্ডওয়ালের কাজ করা যায়। দ্রুত যাতে কাজটি করা যায়, তা আমরা দেখছি। 
১৭ নম্বর ওয়ার্ডের আরএসপির কাউন্সিলার প্রবীর দত্তের বক্তব্য, গত চারদিন ধরে আত্রেয়ী কলোনিতে অল্প অল্প করে ভাঙন হচ্ছে। ভাঙন চলতে থাকলে অনেক বাড়িঘর ভেঙে পড়বে। পুরো কলোনি খাঁড়ি ও নদীগর্ভে চলে যেতে পারে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। বিষয়টি পুরসভাকে জানিয়েছি। ভাঙনের জায়গাটি সেচ দপ্তরের অধীনে রয়েছে। সেচদপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ওই জায়গায় কাজ করা হবে। 
সেচদপ্তর সূত্রে খবর, আত্রেয়ী নদী ও খাঁড়ির সংযোগস্থলে ওই কলোনি। অভিযোগ, প্রতিবছর সেখানে ভাঙন দেখা দেয়। বর্ষায় সামান্য জল বাড়লেই এলাকা ছাড়তে হয় এলাকার বাসিন্দাদের। কলোনির বাসিন্দারা গার্ডওয়ালের দাবি তুলেছেন।  এলাকার বাসিন্দা মীরা বাসফোর বলেন, আমার টিনের ঘরের পিছন দিয়েই জল বয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে মাটি ধসে পড়ছে। আর দু-তিন হাত ধসে  গেলেই আমার বাড়ি ভেঙে পড়বে। পরিবার নিয়ে চিন্তায় ঘুম আসছে না।। একই বক্তব্য আরেক বাসিন্দা টিঙ্কু বাসফোরেরও। তাঁর কথায়, প্রতিবছর নদীতে জল বাড়লেই আমাদের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। ভাঙন রোধে এখনও কোনও কাজ শুরু হয়নি। এভাবে ভাঙতে থাকলে গোটা খাঁড়ি গর্তে চলে যাবে। আমরা তখন কোথায় আশ্রয় নেব?  খাঁড়ির জল নামতেই আত্রেয়ী কলোনির একাংশ ভেঙে পড়ে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ