Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭ বেপাত্তা একজনকে গ্রেপ্তারের নির্দেশ, গোবরডাঙা কাণ্ডে বৃহস্পতিবার সাজা ঘোষণা

এক তৃণমূল কর্মীকে খুনের মামলায় কলকাতা হাইকোর্ট থেকে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়।

তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭ বেপাত্তা একজনকে গ্রেপ্তারের নির্দেশ, গোবরডাঙা কাণ্ডে বৃহস্পতিবার সাজা ঘোষণা
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক তৃণমূল কর্মীকে খুনের মামলায় কলকাতা হাইকোর্ট থেকে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়। কিন্তু সাতবছর ধরে বারাসত জেলা আদালতে মামলা চলার পর সোমবার সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন বিচারক। পাশাপাশি,‘বেপাত্তা’ অভিযুক্ত সুজিত দাসকে দ্রুত গ্রেপ্তারের জন্য গোবরডাঙা থানার পুলিসকে নির্দেশও দিয়েছেন বিচারক। আগামী ২০ মার্চ তৃণমূল কর্মী খুনের ওই মামলার সাজা ঘোষণা হবে।

Advertisement

জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪মে ছিল পঞ্চায়েত নির্বাচনের দিন। নির্বাচনে হাবড়া ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের প্রার্থী হন বিপ্লব সরকার। বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ওইদিন ভোট শেষে স্থানীয় জামতলার পার্টি অফিসে ঢুকে বিপ্লবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাতে জখম হন তৃণমূলের আইনজীবী সেলের সদস্য অনুপ দাসও। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। এই ঘটনায় ন’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিস। মামলা চলে বারাসত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে। ওই পর্বেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। যদিও নিম্ন আদালতে মামলার শুনানির দিনগুলিতে গত সাতবছর ধরে হাজিরা দিত তারা। সোমবার ছিল সেই মামলার সাজা ঘোষণা। কিন্তু এদিন আদালতে হাজির ছিল না কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত সুজিত দাস। বাকি আটজন হাজির ছিল। সুজিত হাজির না থাকায় সাজা ঘোষণার দিন পিছিয়ে দেন বিচারক। এক অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়। বাকি সাতজনকে এদিন দোষী সাব্যস্ত করেছেন বিচারক। পাশাপাশি খুনের মামলায় জামিনে মুক্ত থাকা সুজিত দাসকে দ্রুত গ্রেপ্তারের জন্য গোবরডাঙা থানার পুলিসকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে, বিচারকের নির্দেশের প্রেক্ষিতে এদিন বিকেলেই গোবরডাঙা থানার পুলিস এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে কোর্টে। তাতে বলা হয়েছে, সুজিত দীর্ঘদিন ধরেই পলাতক। অর্থাৎ ‘বেল জাম্প’ করে রয়েছে। এ প্রসঙ্গে মামলার সরকারী আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন,তৃণমূল কর্মী খুনে হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। বারাসত আদালতে মামলাটি চলছিল।এদিন অভিযুক্ত সুজিত দাস আদালতে হাজির ছিল না। ওর নাম রেকর্ডে রেখেই সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। আগামী বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা।

সম্পর্কিত সংবাদ