Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়া ব্লকে ভুয়ো শংসাপত্র দিয়ে টেন্ডারের কাজ তদন্তের দাবিতে বিডিওকে আবেদন

পাড়া ব্লকে ভুয়ো শংসাপত্র দিয়ে টেন্ডারের কাজ তদন্তের দাবিতে বিডিওকে আবেদন
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ব্লকের ভাউরিডি গ্রাম পঞ্চায়েতের এক ঠিকাদারের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দিয়ে টেন্ডারের কাজ করার অভিযোগ উঠেছে। সমস্ত কিছু জানার পরেও কোনওরকম তদন্ত না করে পঞ্চায়েত ওই ঠিকাদারকে কাজ দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার পাড়া এলাকার কয়েকজন ঠিকাদার ঘটনার তদন্তের দাবি জানিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পাড়া ব্লকের বিডিও নীলাঞ্জন সিনহা বলেন, একটি অভিযোগ জমা পড়েছে। এখনও অভিযোগের কাগজ হাতে পাইনি। বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনে প্রায় ২ লক্ষ টাকা দিয়ে তৃণমূল পরিচালিত ভাউরিডি গ্রাম পঞ্চায়েত সরবেড়িয়াতে একটি কাজ করে। ওই টাকায় একটি ছোট সেতুর ঢালাই সহ রিপেয়ারিং কাজ করা হয়। অভিযোগ, ওই কাজের জন্য ঠিকাদারের তরফ থেকে ভুয়ো শংসাপত্র জমা দেওয়া হয়েছিল। পঞ্চায়েতের অন্যান্য ঠিকাদারের তরফ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও পঞ্চায়েত কোন কর্ণপাত করেনি।
 অভিযোগকারী ঠিকাদারদের মধ্যে সুদীপ মুখোপাধ্যায়ের দাবি, ওই ঠিকাদারের বৈধ শংসাপত্র না থাকার বিষয়টি পঞ্চায়েত জানে। তার পরেও কিছু টাকার বিনিময়ে তাঁকে কাজ দিয়েছিল। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তবেই যেন কাজ দেওয়া হয় তার জন্য আমাদের ঠিকাদারদের তরফ থেকে পঞ্চায়েতকে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনও কথা শোনেনি। তাই বাধ্য হয়ে আমরা ব্লক প্রশাসনকে বিষয়টি তদন্তের জন্য লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।
পঞ্চায়েত প্রধান ভক্তিপদ মাহাত বলেন, টেন্ডারের কাগজপত্র সংক্রান্ত বিষয়টি আধিকারিকেরাই দেখেন। ওই কাজের ক্ষেত্রে কাগজপত্র কি রয়েছে তা জানা নেই। অভিযোগ যখন হয়েছে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে।
পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কৈলাস চন্দ্র মাহাত বলেন, বর্তমানে অনলাইন টেন্ডার হয়। ওই কাজের জন্য বেশ কয়েকজন আবেদন করেছিল। সবচেয়ে কম লেস দেওয়া ঠিকাদারকে কাজটি দেওয়া হয়েছিল। ওই ঠিকাদারের কাগজপত্র সব সঠিক রয়েছে। কাজের বিষয়ে যে কেউ অভিযোগ জানাতে পারে। তদন্ত হলে সমস্ত কাগজপত্র দেখিয়ে দেওয়া হবে।
এলাকার বিজেপি বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি বলেন, বর্তমানে তৃণমূলের প্রতিটি পঞ্চায়েত দুর্নীতিতে ভরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে প্রধানরা ঠিকাদারদের কাছে টাকা নিচ্ছে। তৃণমূলের প্রতিটি পঞ্চায়েত নিয়ে তদন্ত হলে প্রচুর দুর্নীতি বেরিয়ে আসবে।
 পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা তদন্ত করে দেখা হবে। সত্য প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণ করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ