সংবাদদাতা, নাগরাকাটা: ছয় আফগান নাগরিককে ভারতীয় পাসপোর্ট পেতে ভুয়ো নথি সরবরাহের অভিযোগ উঠেছে মাল পুরসভার বিরুদ্ধে। এনিয়ে রবিবার সিবিআই মাল পুরসভাকে নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, নভেম্বরে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ছয় আফগান নাগরিকের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়। অভিযোগ, সেই পাসপোর্ট বানাতে মাল পুরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়েছে। মাল পুরসভা কেন এবং কোন নথির ভিত্তিতে সেগুলি দিয়েছে, সিবিআই তা জানতে চেয়েছে। মাল পুরসভা সাত দিনের মধ্যে জবাব পাঠাবে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি।
Advertisement
মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, একটা ইমেল এসেছে, জন্ম মৃত্যুর কিছু নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। আমরা তা সময়মতো পাঠিয়ে দেব। আমাদের এখানে জন্ম মৃত্যুর শংসাপত্রের জন্য আবেদন জমা পড়ে। নথি দেখে তবেই শংসাপত্র দেওয়া হয়। সূত্রের খবর, সিবিআই জানতে চেয়েছে কোন কোন নথি ব্যবহার ও যাচাই করে আফগানদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিল মালবাজার পুরসভা। কারণ, সেই নথি ব্যবহার করেই ছ’টি পাসপোর্ট তৈরি করেছে আফগানিস্তানের নাগরিকরা। এই ছ’টি পাসপোর্ট তৈরির জন্য ১৫ জনের জাল নথি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তবে এই নথি যদি জাল হয়ে থাকে তবে কার মদতে সেটা তৈরি করল পুরসভার সংশ্লিষ্ট বিভাগ, সেই বিষয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। প্রশ্ন উঠছে, তবে কি পুর কর্তৃপক্ষ যথাযথ যাচাই না করেই শংসাপত্র দিয়েছে? তারই খোঁজ শুরু করেছে সিবিআই।



