Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনা ব্যবসায়ী খুনে বিডিও-ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার, ধৃত বেড়ে ৪

সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও-ঘনিষ্ঠ আরও এক যুবককে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। মঙ্গলবার তাকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে ধরা হয়েছে।

সোনা ব্যবসায়ী খুনে বিডিও-ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার, ধৃত বেড়ে ৪
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও-ঘনিষ্ঠ আরও এক যুবককে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। মঙ্গলবার তাকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে ধরা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত। এমনকি, ঘটনার দিন সে নিউটাউনের ফ্ল্যাটে হাজিরও ছিল। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিবেকানন্দ সরকার ওরফে সোনাই (২৫)। সে কোচবিহারে পুন্ডিবাড়ির খারিজা কাকরিবাড়ির বাসিন্দা। সোনাইকে নিয়ে এই কাণ্ডে গ্রেফতার বেড়ে হল চার।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সল্টলেক দত্তাবাদ থেকে গাড়িতে তুলে অপহরণ করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। তারপর ওইদিনই নিউটাউনের ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে স্বপনবাবুর মৃতদেহ উদ্ধার হয়। এই অপহরণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
ঘটনার তদন্তে নেমে বিধাননগর কমিশনারেট প্রথমে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ঠিকাদার বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, বিডিও-ঘনিষ্ঠ কোচবিহার-২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকার এই খুনে যুক্ত। তারপর তাকেও গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে। গোয়েন্দাদের দাবি, খুন এবং দেহ লোপাটেও যুক্ত ওই তৃণমূল নেতা। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, নেতাসহ তিনজনকে জেরা করে পুলিশ বিবেকানন্দের খোঁজ পায়। খুনের ঘটনায় সে যে জড়িত, তার সপক্ষে পুলিশের হাতে একাধিক নথিপত্রও এসেছে। তার পরদিনই গোয়েন্দারা উত্তরবঙ্গে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। 
মৃতের পরিবার পুলিশের কাছে দাবি করেন, খুনের আগে বিডিও প্রশান্ত সদলবলে সোনা ব্যবসায়ী স্বপনবাবুর খোঁজে পশ্চিম মেদিনীপুরের গ্রামে গিয়েছিলেন। তারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে বিডিওর সঙ্গে কয়েকজনকে দেখা গিয়েছিল। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। পুলিশ জানিয়েছে, ওই ভিডিয়ো অনুযায়ী চিহ্নিত কয়েকজনের খোঁজ চলছে। এই ধৃত যুবক বিডিও-ঘনিষ্ঠ। অপহরণ থেকে খুন, এমনকি দেহ লোপাট পর্যন্ত তার কোথায় কী ভূমিকা ছিল, তার পূর্ণাঙ্গ গ্রাফ তৈরি করা হচ্ছে। ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হবে। এই ঘটনায় আরও একজন বিডিও-ঘনিষ্ঠকে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই পুলিশের নাগালে আসবে এই কাণ্ডের পঞ্চম অভিযুক্তও।

সম্পর্কিত সংবাদ