Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরাখণ্ডে ফের বিদ্বেষমূলক হামলা, প্রহৃত কাশ্মীরি শাল বিক্রেতা কিশোর

ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমার পর এবার কাশ্মীরের তাবিশ আহমেদ। ফের বিদ্বেষমূলক হামলা বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। ১৭ বছরের তাবিশকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়।

উত্তরাখণ্ডে ফের বিদ্বেষমূলক হামলা, প্রহৃত কাশ্মীরি শাল বিক্রেতা কিশোর
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমার পর এবার কাশ্মীরের তাবিশ আহমেদ। ফের বিদ্বেষমূলক হামলা বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। ১৭ বছরের তাবিশকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। ওই কাশ্মীরি কিশোরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ভেঙে দেওয়া হয়েছে তার হাতও। আপাতত দুন হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর। বৃহস্পতিবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ওমর।

Advertisement

সর্বভারতীয় জম্মু-কাশ্মীর ছাত্র সংগঠনের নেতা নাসির খুহামি জানিয়েছেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিল ওই কিশোর ও তাঁর তুতো ভাই। তখন একদল দুষ্কৃতী তাঁদের নাম ও পরিচয় জানতে চায়। কাশ্মীরি মুসলিম পরিচয় পেয়েই তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। নাবিশের তুতোভাই পালিয়ে যেতে পারলেও গুরুতর আহত হন ওই নাবালক। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নাসিরকে জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশের ডিজি। মুখ্যমন্ত্রীর কাছেও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। কাশ্মীরি যুবকের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘গোটা দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রশাসনের মদতেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত।’

প্রসঙ্গত, সম্প্রতি দেরাদুনে দুষ্কৃতীদের হাতে খুন হন ত্রিপুরার পড়ুয়া অ্যাঞ্জেল চাকমা। সেই ঘটনার পিছনে উঠেছিল বর্ণবিদ্বেষের অভিযোগ। এবার ধর্ম পরিচয় জেনে কিশোরের উপর হামলার অভিযোগ। দেবভূমি উত্তরাখণ্ডে এই ধরনের বিদ্বেষমূলক হামলা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার।

সম্পর্কিত সংবাদ