রিও ডি জেনেইরো: আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল হেড কোচের পদে দায়িত্ব নেবেন কার্লো আনসেলোত্তি। তবে তার আগেই হোমওয়ার্ক শুরু করে দিলেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ। দীর্ঘ কোচিং কেরিয়ারে প্রথমবারের জন্য কোনও জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন আনসেলোত্তি। তা’ও আবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনার সেলেকাওদের ফুটবল ঘরানা পুরোপুরি ভিন্ন। তাই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এবার সহকারী হিসেবে প্রাক্তন শিষ্য কাকাকে চাইছেন আনসেলোত্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের দু’জনের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। কাকা নিজেও ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। উল্লেখ্য, আনসেলোত্তির প্রশিক্ষণে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছেন কাকা। এই পর্বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, সিরি-এ, ক্লাব বিশ্বকাপের জয়ের স্বাদ পায় ইতালিয়ান ক্লাবটি। ২০১৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই ব্রাজিলিয়ান তারকা মিডিও। এরপর এসি মিলানের ডিরেক্টর পদে নিযুক্ত হন তিনি। তবে ফুটবলকে বিদায় জানানোর পর সেভাবে কোচিংয়ে মনোনিবেশ করেননি তিনি। এবার আনসেলোত্তির ডাকে সেই দায়িত্ব পালনে দেখা যাবে কাকাকে।



