নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বোধনের কয়েক মাস পর ‘অনন্য’ পাচ্ছে নিজস্ব অপারেশন থিয়েটার এবং হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ)। এতদিন এই দু’টি অত্যন্ত জরুরি পরিষেবার জায়গা না থাকায় রোগীদের অপারেশনের জন্য উডবার্ন ওয়ার্ডের ওটিতে নিয়ে যেতে হচ্ছিল। হঠাৎ করে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁদের অন্য বিভাগের আইসিইউতে ভর্তি করাতেও হয়।
পিজি সূত্রের খবর, আগামী সপ্তাহে চালু হচ্ছে এখানকার নিজস্ব ওটি এবং এইচডিইউ। নির্মাণের পর এই দুই জায়গা জীবাণুমুক্ত করবার কাজ চলছিল। সেই কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে দু’টিই চালু হয়ে যাবে। ‘অনন্য’র দোতলায় তৈরি হয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। চারতলায় হয়েছে ৬ বেডের এইচডিইউ। ছ’টির মধ্যে দু’টি আপাতত চালু হবে। চাহিদা বাড়লে বাকি চারটিও চালু করা হবে। পিজি’র এই বাজেট হাসপাতালে এখনও পর্যন্ত ৪২টি বেড চালু করা হয়েছে। তার মধ্যে ৩৪টি কেবিন ছাড়াও আটটি প্রাইভেট স্যুইট আছে। প্রসঙ্গত, ‘অনন্য’ বাড়ির উদ্বোধনের পর এই প্রথম রোগীদের জন্য খুলে দেওয়া হল সেখানকার প্রাইভেট স্যুইট।