Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬

মসজিদ কমিটির আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টে, সম্ভলে সমীক্ষার নির্দেশ বহাল

এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেল সম্ভলের শাহি জামা মসজিদ কমিটি। উত্তরপ্রদেশের এই মসজিদে সমীক্ষা চালানোর ব্যাপারে নিম্ন আদালতের নির্দেশই বহাল রইল।

মসজিদ কমিটির আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টে, সম্ভলে সমীক্ষার নির্দেশ বহাল
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেল সম্ভলের শাহি জামা মসজিদ কমিটি। উত্তরপ্রদেশের এই মসজিদে সমীক্ষা চালানোর ব্যাপারে নিম্ন আদালতের নির্দেশই বহাল রইল। সমীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিটি। কিন্তু সোমবার তাদের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল।

Advertisement

১৫২৬ সালে হরিহর মন্দির ভেঙে মুঘল সম্রাট বাবর ওই মসজিদ তৈরি করেন বলে দাবি উঠেছে। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল নিম্ন আদালতে। ২০২৪ সালের নভেম্বরে পাঁচশো বছরের প্রাচীন ওই মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় নিম্ন আদালত। নিয়োগ করা হয় অ্যাডভোকেট কমিশনার। ২৪ নভেম্বর সমীক্ষাকারী দল মসজিদে গেলে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিসের সংঘর্ষ বেধে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মজসিদ কমিটি। ট্রায়াল কোর্টের আইনি প্রক্রিয়া স্থগিত রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, মসজিদ কমিটির আবেদন হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।  
মূল আবেদনকারী হরিশঙ্কর জৈন, মসজিদ কমিটি এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। এদিন মসজিদ কমিটির আর্জি খারিজ হওয়ায় সম্ভল জেলা আদালতে ফের এই মামলার প্রক্রিয়া শুরু হবে। কমিটির যুক্তি ছিল, তাদেরকে কোনও নোটিস না পাঠিয়েই নিম্ন আদালত তাড়াহুড়ো করে সমীক্ষার নির্দেশ দিয়েছে। এএসআই জানায়, ওই মসজিদ কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত স্মারক হিসেবে স্বীকৃত। তা উপাসনাস্থল বলে গণ্য করা যায় না। কারণ, এধরনের দাবির সপক্ষে কোনও রেকর্ড নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ