Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচারে সব দল, জমজমাট শহর

বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। রাজধানীতে তাই সাজ সাজ রব! এখনো সব আসনে সব দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে তৃণমূল রাজ্যের সব কেন্দ্রেই তাদের প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে।

প্রচারে সব দল, জমজমাট শহর
  • ১৯ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। রাজধানীতে তাই সাজ সাজ রব! এখনো সব আসনে সব দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে তৃণমূল রাজ্যের সব কেন্দ্রেই তাদের প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। বাম ও বিজেপি প্রার্থী ঘোষণা করেছে সিংহভাগ আসনে। এই আবহে বিবদমান দলগুলির প্রচারে জমজমাট হয়ে উঠেছে শহর। একমাত্র তৃণমূলেরই যেহেতু সব আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে তাদের সক্রিয়তা বেশি নজরে এসেছে শহরজুড়ে। বাম প্রার্থীদেরও সকাল থেকে জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। কেউ মন্দিরে পুজো দিয়ে প্রচারের ‘শুভ সূচনা’ করেছেন। কেউ আবার সরাসরি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাওয়ার তাগিদে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন এখন থেকে। 

Advertisement

বেলেঘাটায় এবার তৃণমূলের টিকিটে ভোট লড়বেন কুণাল ঘোষ। মঙ্গলবার রাতে বেলেঘাটা অঞ্চলের ‘মিথ’, প্রাক্তন বিধায়ক পরেশ পালের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন কুণাল। পরেশের ‘আশীর্বাদ’ নিয়ে ভোট ময়দানে পুরোদমে নেমে পড়েছেন তিনি। বুধবার তাঁকে দেওয়াল লিখনে ব্যস্ত থাকতে দেখা যায়। তারপর রাজাবাজার এবং শিয়ালদহের ২৯ নম্বর ও ৩৬ নম্বর ওয়ার্ডে পথে পথে ঘুরে প্রচার সারেন তিনি। কুণাল বলেন, ‘বিজেপি বলেছিল, আব কি বার, ২০০ পার। ৭৭-এ এসে ঠেকেছিল। এবার সেটা আরও নামবে।’
এদিন সকালে তৃণমূল কর্মীর বাইকে চেপে প্রচারে বেরন শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। বিভিন্ন রাস্তায় ঘুরে জনসংযোগ সারেন। সকালে মেছুয়া ফলপট্টিতে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়। তারপর কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সকাল থেকে মানিকতলা বিধানসভার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় প্রচার করেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে, কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। এই কেন্দ্রে বাম প্রার্থী সিপিআই দলের মৌসুমি ঘোষ। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের গোয়াবাগান এলাকায় মিছিল ও পথসভা করেন। পার্শ্ববর্তী বেলেঘাটা কেন্দ্রের সিপিএম প্রার্থী পারমিতা রায়ও প্রচারে বেরিয়েছিলেন। এদিন তিনি ৩০ নম্বর ওয়ার্ডে নারকেলডাঙা মেইন রোডে জনসংযোগ সারেন। এদিকে, নাম ঘোষণার পরই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। বুধবার বিকেলে নিজের এলাকায় প্রচার করেন তিনি। কাউন্সিলারদের নিয়ে বৈঠকও করেছেন। এদিন দুপুরে কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদারও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ