নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার ভরদুপুর। হাবড়া শহরে যশোর রোডে তখন লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। চরম ব্যস্ততা। এদিকে রাস্তার উত্তর দিকে লেজ উঁচিয়ে দাঁড়িয়ে পূর্ণবয়স্ক একটি হনুমান। মাঝেমধ্যে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। যশোর রোড পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে বলে রাস্তা পেরতে সাহস পাচ্ছে না। তবে হনুমানটি শান্তই থেকেছে। লাফঝাঁপ করেনি। তাকে দেখে যশোর রোডে ছোটখাট ভিড় জমে গিয়েছে। এরকম একটি বিরল ঘটনা ঘটছে বলে মোবাইলে ভিডিও তুলে রাখছেন অনেকে। তবে হনুমানটির মুশকিল আসান হলেন হাবড়া ট্রাফিক পুলিসের এক কর্মী। হাতে থাকা সিগন্যাল ব্যাটন তুলে গাড়ি থামানোর নির্দেশ দিলেন তিনি। দু’দিক দিয়ে আসা গাড়ি চালকরা দাঁড়িয়ে পড়লেন। পারাপারের রাস্তা তৈরি হল। হনুমানটিকে ইশারায় কিছু বলতেও হল না। রাস্তার ফাঁকা জায়গায় নেমে নির্ভয়ে যশোর রোড পার হয়ে গেল। একটি দোকানের ছাদে ঝাঁপ দিয়ে উঠে বসে থাকল কয়েক সেকেন্ড। তারপর এক লাফে উঠে পড়ল একটি গাছে।



