নিজস্ব প্রতিনিধি, মালদহ: ভাঙন প্রবণ মালদহ জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যেই প্রাক বর্ষা প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন জেলা প্রশাসনের কর্তারা। চলতি মাসের শেষ সপ্তাহেই বর্ষা প্রস্তুতি নিয়েও তারা বৈঠকে বসতে চলেছেন বলে প্রশাসন সূত্রে খবর। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই প্রাক বর্ষা প্রস্তুতি বৈঠক করা হয়েছে। এমাসের শেষেই বর্ষা প্রস্তুতি বৈঠক ডাকা হবে।
শীতের মরশুম শেষ হতেই মালদহে তাপমাত্রা বাড়তে শুরু করে। এপ্রিল থেকেই প্রচণ্ড গরমে তাপপ্রবাহ শুরু হয়। যার জন্য মে মাসের শুরুতেই প্রাক বর্ষা প্রস্তুতি বৈঠক করে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে জেলা প্রশাসন। বৈঠকে তাপপ্রবাহ ও জল সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাপ প্রবাহ মোকাবিলা করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সেজন্য গ্রাম পঞ্চায়েত পর্যায়ের লিফলেট বিলি করা, গুরুত্বপূর্ণ জায়গায় ফ্লেক্স টাঙ্গানোর মতো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জল সঙ্কট মেটাতেও বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।
সরকারি ভাবে জুনের প্রথমেই বর্ষা প্রবেশ করবে রাজ্যে। ফি বছর বর্ষায় মালদহের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বর্ষায় গঙ্গা নদীর ভাঙন জেলার সবচেয়ে বড় চিন্তার কারণ। তাই তাপপ্রবাহ ও জল সঙ্কট মোকাবিলার পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়েও প্রস্তুতি শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই সমস্ত দপ্তর, পুলিস ও ব্লক প্রশাসনকে নিয়ে বর্ষা প্রস্তুতি বৈঠক হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।
মালদহের ১৫টি ব্লকের মধ্যে মানিকচক, রতুয়া-১, হরিশ্চন্দ্রপুর-২ এবং বামনগোলা, কালিয়াচক ও ইংলিশবাজার বন্যা প্রবণ হিসেবে চিহ্নিত। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকেই মালদহ জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ৩২৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের কাছে প্রায় পাঁচটি স্পিড বোট রয়েছে। বন্যা প্রবণ ব্লকগুলিতে স্পিড বোটগুলিকে রাখা হবে। এছাড়াও প্রত্যেকটি ব্লকে একাধিক ‘কান্ট্রি বোট’ বা নৌকা রাখা থাকছে। জেলায় কিউআরটি (ক্যুইক রেসপন্স টিম) আছে। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট। এর পাশাপাশি তৈরি রাখা হচ্ছে ওয়াটার উইং টিম।