Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় ভোট লুটের চেষ্টা, ২৬’এ বড় শিক্ষা পাবে বিজেপি, বিহারে কুকুরের নামে শংসাপত্র তথ্য দিয়ে অভিযোগ অভিষেকের

নাম- ডগ বাবু। বাবার নাম- কুত্তা বাবু, মা-কুতিয়াদেবী। পাটনা জেলার মাসাউড়ি থানার কাউলিচক মহল্লার ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সারমেয়র নামে রেসিডেন্স সার্টিফিকেট!

বাংলায় ভোট লুটের চেষ্টা, ২৬’এ বড় শিক্ষা পাবে বিজেপি, বিহারে কুকুরের নামে শংসাপত্র তথ্য দিয়ে অভিযোগ অভিষেকের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম- ডগ বাবু। বাবার নাম- কুত্তা বাবু, মা-কুতিয়াদেবী। পাটনা জেলার মাসাউড়ি থানার কাউলিচক মহল্লার ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সারমেয়র নামে রেসিডেন্স সার্টিফিকেট! ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ (এসআইআর) পর্বে এহেন রেসিডেন্স সার্টিফিকেট প্রদান করেছে বিজেপি শাসিত বিহার সরকার। এই শংসাপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন — এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

তথ্য তুলে ধরে তিনি দাবি করলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির হাতের পুতুল হয়ে গিয়েছে। এসআইআর’কে হাতিয়ার করে বিজেপি বাংলায় ভোট লুটের ষড়যন্ত্র করছে। এর শিক্ষা ২৬-এর বিধানসভা ভোটে পাবে বিজেপি। এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল দেশের রাজনৈতিক মহল। বিশেষ করে বিহারের ঘটনা সামনে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলা। এই প্রসঙ্গে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর’এর নামে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বিহারে একটি কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেটার ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নির্বাচন কমিশনের কাছে স্বীকৃত নথি, যেটা এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য। কুকুরের সার্টিফিকেটের বিষয়টি প্রকাশ্যে আসার পরই এদিন এক্স-হ্যান্ডেলে পোস্ট করে পাটনা জেলা প্রশাসন জানিয়েছে, ওই রেসিডেন্ট সার্টিফিকেটটি বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদনকারী, কম্পিউটার অপারেটর এবং সার্টিফিকেটটি বের করে দেওয়া  আধিকারিকের বিরুদ্ধে মাসাউড়ি থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসককে এ বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অপরদিকে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে, তার প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলনকে বৃহৎ মাত্রায় নিয়ে যেতে চলেছে তৃণমূল। সংসদরা বাংলায় বক্তব্য রাখবেন। অভিষেক বলেন, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা— বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর পরিকল্পিত, ধারাবাহিক নির্যাতন চলছে। প্রতিদিনই আমরা নতুন নতুন ঘটনা দেখতে পাচ্ছি। আমি নিজেও বলেছি, আর দিদিও অনুমোদন দিয়েছেন। সংসদের এই অধিবেশনে এবং ভবিষ্যতেও, যে কোনও বিতর্ক বা প্রশ্নোত্তর পর্বই হোক— আমরা বাংলা ভাষাতেই কথা বলব।

Advertisement
সম্পর্কিত সংবাদ