সংবাদদাতা, মাথাভাঙা: জোড়া বাইসন দিনভর দাপাল মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ এলাকায়। যদিও বনদপ্তর জানিয়েছে, জোড়া বাইসন দেখা যায়নি। একটি বাইসনকে পাওয়া গিয়েছে। সেটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিঘার পর বিঘা ভুট্টাখেত থাকার কারণে বাইসন কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। বনদপ্তর জানিয়েছে, এলাকায় নজরদারি রয়েছে।
শনিবার সকালে নিশিগঞ্জের ভোগমারা এলাকার লোকালয়ে দু’টি বাইসন দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় মাথাভাঙা রেঞ্জে। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাইসন ধরতে তৎপরতা শুরু করেন। কিন্তু ভুট্টাখেতের কারণে সমস্যায় পড়েন তাঁরা। নিশিগঞ্জ, মদনমোহনপাড়া, সিটকিবাড়ি, ভোগমারা এলাকায় বাইসন দু’টি ঢুকে পড়ে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাড়ি থেকে বের হতে সাহস পাননি। নিশিগঞ্জ বাজারের কাছাকাছি এলাকায় বাইসনগুলি চলে আসায় আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পর ভোগমারা এলাকায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন বনকর্মীরা।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শরৎ বর্মন বলেন, এদিন সকালে জমিতে দু’টি বাইসন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে বনকর্মীরা একটি বাইসন ধরতে পেরেছে। অন্যটি কোথায় লুকিয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না।
মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, নিশিগঞ্জ এলাকায় দু’টি বাইসনের খবর পাওয়ার পর আমরা এলাকায় যাই। একটি বাইসনকে ধরা হয়েছে। ড্রোন উড়িয়েও অপর বাইসনকে খুঁজে পাওয়া যায়নি। তবুও আমরা এলাকায় নজরদারি রাখছি। উদ্ধার করা বাইসনটিকে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। কিছু ভুট্টাখেতের ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেনি।
নিজস্ব চিত্র।