নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ভারত থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশা-মেঘের এক বিশালাকৃতির চাদর জমেছে। তা থেকে বাদ যায়নি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলাও। এর সঙ্গে ফের সক্রিয় হতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এই দুই অবস্থার কারণেই শীতে জবুথুবু রাজ্য। মেঘলা পরিবেশ থাকার জন্য একদিকে দুপুরবেলা দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে যায়। অন্যদিকে এই পরিবেশে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ, সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আজও মেঘলা-কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে। এই সপ্তাহের গোড়াতেই সর্বনিম্ন তাপমাত্রা ফের স্বাভাবিকের থেকে কম হবে। কলকাতায় তা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি। পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০ ডিগ্রির নীচে নামবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন নদীয়ার কৃষ্ণনগর (৯.৮ ডিগ্রি) ছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকার সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি ছিল। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর ভারত থেকে বিস্তৃত মেঘলা-কুয়াশার চাদর পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সব জায়গাতেই ঘন থেকে মাঝারি মাত্রার কুয়াশা-মেঘের আস্তরণ পড়ে। পশ্চিম হিমালয় এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ও বিভিন্ন জায়গায় স্থানীয় কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়। শীতকালে এটা হয়ে থাকে। কখনও কুয়াশা-মেঘলা বেশি থাকে। কখনও তা কিছুটা কমে যায়। গঙ্গা ও বিভিন্ন নদী বা বড় জলাশয়ের আশপাশে কুয়াশার মাত্রা বেশি হয়। অন্যদিকে, বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তর জন্য দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে। যা রাত-ভোরের ঠান্ডায় ঘনীভূত হয়ে কুয়াশা-মেঘে পরিণত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে কুয়াশা সৃষ্টি হয়। কিছুটা উপরে ঘনীভূত হলে তৈরি হয় মেঘ। রাজ্যজুড়ে এটাই হয়েছে। নিচুতে থাকা এই মেঘ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দার্জিলিং-কালিম্পংয়ে পাহাড় ও লাগোয়া ডুয়ার্স এলাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। পূর্বাাভাসে বলা হচ্ছে, দার্জিলিংয়ের উঁচু জায়গায় আগামী কয়েকদিন এখনও হালকা তুষারপাতের সম্ভাবনা। ইতিমধ্যে সিকিমের উঁচু এলাকায় শুরু হয়েছে তুষারপাত।
উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ার জন্য শুক্র-শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। পশ্চিম হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা থাকার জন্য এটা হয়। তবে রবিবার সকাল থেকে উত্তুরে হাওয়া সক্রিয় হতে শুরু করেছে। এই কারণে আজ, সোমবার কলকাতায় ভোরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৪ ডিগ্রির আশপাশে আসবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে।