Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরুলিয়ায় নজরুল মেলায় নৃত্যনাট্য পরিবেশন করবে মনুয়া সহ বর্ধমান সংশোধনাগারের ৮ বন্দি

নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর জন্মভিটে চুরুলিয়ায় মঙ্গলবার বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেবে জেলবন্দিরা।

চুরুলিয়ায় নজরুল মেলায় নৃত্যনাট্য পরিবেশন করবে মনুয়া সহ বর্ধমান সংশোধনাগারের ৮ বন্দি
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট...’-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে তাঁর কারাবাসের অভিজ্ঞতা এভাবেই ফুটে উঠেছিল। যা তাঁর কালজয়ী সৃষ্টির অন্যতম। নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর জন্মভিটে চুরুলিয়ায় মঙ্গলবার বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেবে জেলবন্দিরা। এই দলের কেউ স্বামীকে খুন করে জেল খাটছে, আবার কেউ দাদাকে খুনের আসামি। সবমিলিয়ে আটজন বন্দি নজরুল নৃত্যনাট্য পরিবেশন করবে। এই দলে রয়েছে মনুয়া মজুমদার। প্রেমিককে দিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন করিয়ে দীর্ঘ সময় খবরের শিরোনামে ছিল মনুয়া। 

Advertisement

মঙ্গলবার চুরুলিয়ার প্রমীলা মঞ্চে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা এই অনুষ্ঠান করবে। শুক্রবার এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার সম্রাট ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাঁরা কবির জন্মভিটে চুরুলিয়াতেও যান। সোমবার থেকে সেখানে নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে কবির স্ত্রীর নামানুসারে ‘প্রমীলা মঞ্চ’ রয়েছে। সেখানেই সংশোধনাগারের চার পুরুষ বন্দি ও চার মহিলা বন্দি অনুষ্ঠানে অংশ নেবে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার বলেন, এদিন সংশোধনাগারের লোকজন নিরাপত্তা সহ বাকি বিষয় দেখে গিয়েছেন। পাঁচটি নজরুলসঙ্গীতের উপর গীতি আলেখ্য বা নৃত্যনাট্য পরিবেশিত হবে। তার মধ্যে লোকনৃত্য, দেশাত্ববোধক গানের পাশাপাশি ভক্তিগীতিও থাকছে। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে মনুয়াকে। ২০১৭সালে বারাসতের হৃদয়পুরে হাড়হিম করা হত্যার ঘটনা অনেকের স্মৃতিতেই রয়েছে। প্রেমিককে দিয়ে নিজের স্বামীকে খুন করিয়েছিল মনুয়া। ফোনের অপরপ্রান্ত থেকে খুনের সময় স্বামীর আর্তনাদ শুনেছিল সে। যে ঘটনা মনুয়া কাণ্ড নামেই কুখ্যাত হয়েছিল। সেই মনুয়ার সাজা ঘোষণা হয়ে গিয়েছে। বর্তমানে সে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। তবে মনুয়া অসাধারণ নৃত্যশিল্পী। তাই এই অনুষ্ঠানের মুখ হিসেবে মনুয়াকে সামনে আনতে দু’বার ভাবেনি সংশোধনাগার কর্তৃপক্ষ।পারফর্মিং আর্ট থেরাপিস্ট মেহেবুব হাসান বহুদিন ধরেই বর্ধমানের বন্দিদের নিয়ে নাটক, নৃত্যানুষ্ঠান করান। তিনি বলেন, মনুয়া খুব ভালো নৃত্যশিল্পী। ও পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেবে। এবারই প্রথম সে বর্ধমানের বাইরে জেলবন্দি হিসেবে যাবে।এবার নজরুল মেলায় একাধিক নতুন উদ্যোগ নিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেলায় রা঩জ্যের হস্তশিল্পীদের সামগ্রীর স্টল থাকবে। ১৩টি স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন পসরা নিয়ে মেলায় আসছে। পাঁচদিনের মেলায় বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও থাকবেন। মেলা কমিটির সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর ক্রমশ মেলার পরিধি বাড়ছে। অভিনব অনুষ্ঠান, নতুন ধরনের স্টলের ব্যবস্থা করা হচ্ছে। 
 চুরুলিয়ায় নজরুল মেলা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ