নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ার দিনমজুরের এক পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা পড়েছে সাত কোটি ১৮ লক্ষ টাকা! অঙ্কটা শুনে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় ওই দিনমজুরের। তবে, তাঁর ভাগ্য বদলের পরিবর্তে শ্রীঘরে ঠাঁই হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা মুর্শিদাবাদ জেলা।
ঘটনার নেপথ্যে সাইবার গ্যাংয়ের কারসাজি। সম্ভবত, অ্যাকাউন্ট ভাড়া দিয়েই ফেঁসে গিয়েছেন ওই দিনমজুর। উত্তরপ্রদেশের একটি সাইবার গ্যাংয়ের প্রতারণার টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলেই মনে করে পুলিশ। মির্জাপুর সাইবার ক্রাইম থানার তরফে ওই যুবককে নোটিশ করা হয়। আর সেটা পেতেই আকাশ থেকে পড়েন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গেই যুবকের মা মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই দিনমজুরের কাছ থেকে পোস্ট অফিসের অ্যাকাউন্টের পাসবই নিয়েছিল স্থানীয় তিন যুবক। তারাই উত্তরপ্রদেশের সাইবার গ্যাংয়ের কাছে পাঠিয়ে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। তারপরই অ্যাকাউন্টে চলে আসে সাইবার প্রতারণার সাত কোটি ১৮ লক্ষ টাকা। এদিকে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে এতকিছু ঘটে যাচ্ছে, তা ঘুণাক্ষরেও জানতে পারেননি ওই দিনমজুর। সাইবার থানার পুলিশ পৃথক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে হরিহরপাড়ার আব্দুল রউফ শেখ, শাহাবুল শেখ, রাকেশ মণ্ডল গ্রেপ্তার করা হয়।