সংবাদদাতা, কাকদ্বীপ: অপারেশন করে গোরুর পেট থেকে বের করা হল মাছ ধরার জাল ও নাইলনের দড়ি। প্রায় ৩৫ কেজি জাল ও দড়ি বের করা হয়েছে। বর্তমানে গোরুটি সুস্থ রয়েছে। নামখানার ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে ওই গোরুটি ছিল। প্রায় ২১ দিন আগে গোরুটি একটি বাছুর প্রসব করে। তারপর থেকে ওই গোরুটি আর খাচ্ছিল না। এমনকী তার বাছুরটিকেও দুধ দিত না। ধীরে ধীরে গোরুটি অসুস্থ হয়ে পড়ছিল। তখন গৃহস্থের সন্দেহ হয়। তিনি ব্লকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পশু চিকিৎসক পরীক্ষা করে বিষয়টি বুঝতে পারেন। এরপরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোরুটি ঘাস খাওয়ার সময়ই নাইলনের জাল ও দড়ি খেয়ে নেয়। ফলে বেশ কয়েকদিন ধরে পেট ফুলে ছিল। কিছুই খেতে চাইত না। খুবই অসুস্থ হয়ে পড়েছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ব্লকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকেরা অপারেশন করেছিলেন। অপারেশনের পর পেট থেকে গোছা গোছা জাল ও দড়ি বের হয়েছে। এখন গোরুটি সুস্থ রয়েছে।



