Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এনবিইউর কাছে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার ৩ যুবক

মহম্মদ আমজাদ শিলিগুড়ির বাসিন্দা হলেও বাগডোগরার মসজিদপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকে

এনবিইউর কাছে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার ৩ যুবক
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: শিবমন্দিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হল দুই পনির বিক্রেতা সহ এক গাড়ি চালককে। বৃহস্পতিবার বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন লছকা ব্রিজের কাছে একটি স্কুটার আটক করে তল্লাশি চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। উদ্ধার হয় ৯০৮ গ্রাম ব্রাউন সুগার। 

Advertisement

পুলিস জানিয়েছে, মালদহের কালিয়াচকের বাসিন্দা রহিম শেখ সেখান থেকে ব্রাউন সুগার নিয়ে একটি বাসে চেপে বাগডোগরায় আসে। এদিকে সেখানেই অপেক্ষা করছিল তার দুই সহযোগী শিলিগুড়ি শহরের বাঘাযতীন কলোনির বাসিন্দা মহম্মদ আমজাদ এবং অমর রাউত। এরপর সহযোগীর স্কুটারে চেপে শিলিগুড়ির দিকে রওনা দেয় তিন পাচারকারী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্কুটারটি আটক করে মাটিগাড়া থানার পুলিস তল্লাশি চালিয়ে দু’টি কালো রঙের প্যাকেট উদ্ধার করে। সেই প্যাকেটের ভিতরেই ছিল ব্রাউন সুগার। এরপরই গ্রেপ্তার করা হয় তিন মাদক পাচারকারীকে। পুলিস স্কুটার সহ মোট পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করেছে।
কালিয়াচকের রহিম শেখ পেশায় গাড়ি চালক। বাকি দুই অভিযুক্ত পনির বিক্রেতা। মহম্মদ আমজাদ শিলিগুড়ির বাসিন্দা হলেও বাগডোগরার মসজিদপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিস। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ওয়েস্ট) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃতদের হেফাজতে নিয়ে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তার তদন্তে নামা হবে। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ