নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলাদেশ সীমান্তঘেঁষা হাঁসখালি থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এছাড়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিস। সম্প্রতি পর পর বেশ কয়েকটি অভিযানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছিল ধানতলা থানা। একই সূত্রের ভিত্তিতে এবার পড়শি হাঁসখালিতেও বেআইনিভাবে ভারত ভূখণ্ডে প্রবেশের পর্দাফাঁস করল পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বেশ কয়েকজন বাংলাদেশির অনুপ্রবেশের খবর পায় হাঁসখালি থানা। সেই অনুযায়ী মঙ্গলবার ভোররাতে পুলিসের একটি বিশেষ দল অভিযান চালায় হাঁসখালি থানার রামনগর এলাকায়। সেই অভিযানেই ধরা পড়ে তিন অনুপ্রবেশকারী। ধৃতদের নাম আলামিন শেখ, মাকচুদুল মোল্লা এবং আদুরি শেখ। এদের মধ্যে প্রথম দুজন বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। তৃতীয়জনের বাড়ি বগুড়া জেলায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এক আন্তর্জাতিক মানব পাচারচক্রের ভারতীয় দালালের খোঁজ পান তদন্তকারীরা। এরপর ওই একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সেই দালাল আতাবুল বিশ্বাসকে। তদন্তকারীরা জানিয়েছেন, হাঁসখালি লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত চোরাপথে পার হয়ে সোমবার রাতেই ভারতে প্রবেশ করেছিল ৩ অনুপ্রবেশকারী। মোটা টাকার বিনিময়ে মরা ইছামতির মাঝে গোপন পথ দিয়ে বাংলাদেশিদের নিয়ে এসেছিল আতাবুল। তাদের সঙ্গে আরও কেউ এ দেশে প্রবেশ করেছিল কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আন্তর্জাতিক মানব পাচার চক্রের ওই ভারতীয় দালালকেও। হাঁসখালি এলাকার সক্রিয় পাচার চক্রের বাকি দালালদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। বিষয়টি নিয়ে রানাঘাট জেলা পুলিসের এক কর্তা বলেন, সোমবার রাতেই তিন বাংলাদেশি এদেশে ঢুকেছিল। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির কারণে সে দেশে কর্মহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কাজের খোঁজে তিনজন এ দেশে এসেছিল বলে প্রাথমিক অনুমান। আমরা জিজ্ঞাসাবাদ করে বাকি রহস্য উদঘাটনের চেষ্টা করছি।