Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঝাড়খণ্ডের ‘মাইয়াঁ সম্মান যোজনা’য় পশ্চিমবঙ্গ ও বিহারের ১৭২ বাসিন্দা, তালিকায় নাম ৪০ জন পুরুষের, তদন্তে সিআইডি

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ঝাড়খণ্ডে চালু হয়েছে ‘মাইয়াঁ সম্মান যোজনা’। মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তার এই প্রকল্প ঘিরে প্রতিবেশী রাজ্যটিতে অনিয়মের অভিযোগ উঠেছে।

ঝাড়খণ্ডের ‘মাইয়াঁ সম্মান যোজনা’য় পশ্চিমবঙ্গ ও বিহারের ১৭২ বাসিন্দা, তালিকায় নাম ৪০ জন পুরুষের, তদন্তে সিআইডি
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ঝাড়খণ্ডে চালু হয়েছে ‘মাইয়াঁ সম্মান যোজনা’। মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তার এই প্রকল্প ঘিরে প্রতিবেশী রাজ্যটিতে অনিয়মের অভিযোগ উঠেছে। পুলিসে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, ঝাড়খণ্ডের এই প্রকল্পে বেআইনিভাবে নাম তুলে ভাতার টাকা হাতাচ্ছে বিহার ও পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা। শুধু ভিন রাজ্যের মহিলাই নয়, তালিকায় নাম রয়েছে পুরুষদেরও! গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসায় এবার এই মামলার তদন্তভার হাতে নিল ঝাড়খণ্ড সিআইডি।

Advertisement

বিহার ও পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে ‘মাইয়াঁ সম্মান যোজনা’য় নাম তোলা মোট ১৭২ জনের (মহিলা ও পুরুষ মিলিয়ে) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুধু নাম তোলাই নয়, অভিযুক্তরা মাসিক আড়াই হাজার টাকার অনুদানও সংগ্রহ করেছে বলে খবর। বিহারের কিষানগঞ্জের ৩৯ জন ও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ১৩৩ জনের বিরুদ্ধে ৯ জুলাই ঝাড়খণ্ডের গালুডি থানায় এফআইআর দায়ের হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, বেআইনিভাবে নাম তোলা এই ১৭২ জনের মধ্যে আবার ৪০ জন পুরুষ রয়েছে। আবেদনপত্রে স্বামীর নামের জায়গায়তেও নিজেদের নাম বসিয়েছিল তারা। পুলিসের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, মহিলাদের জন্য এই মাসিক অনুদান প্রকল্পে নাম তোলা ৪০ জন পুরুষের মধ্যে ১০ জন বিহারের, ৩০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। গালুডি থানায় দায়ের হওয়া অভিযোগ নিয়ে এবার তদন্ত করবে সিআইডি। ঝাড়খণ্ডের অন্যান্য জেলাতেও একই ধরনের অনিয়ম হয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হবে। জাল নথির মাধ্যমে অনলাইনে আবেদন পেশ করা হয়েছিল। এই চক্রের পিছনে কারা রয়েছে, কীভাবে জাল নথির মাধ্যমে এইভাবে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম তোলা হল, সিআইডি সবটাই তদন্ত করে দেখবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ