সংবাদদাতা, বজবজ: মহেশতলা বিধানসভা কেন্দ্রে ২০০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র করার লক্ষ্যমাত্রা দিয়েছিল কমিশন। কিন্তু শেষ পর্যন্ত ১২৫টি জায়গা চিহ্নিত হয়েছে, যেখানে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র হবে। এরকম ভোটকেন্দ্র করার জন্য বিশেষ কিছু পরিকাঠামোগত সুবিধা থাকতে হয়। তেমন জায়গা খুব বেশি না পাওয়াতেই কমিশনের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না বলে জানিয়েছে প্রশাসন। ঠাকুরপুকুর মহেশতলা বিডিও অফিসে মহেশতলা বিধানসভা কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার (আর ও) কৌশিক মাইতি। সেখানে এআরও তথা বিডিও সুবর্ণা মজুমদার সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। ১২৫টি ভোটকেন্দ্রের জন্য মহিলা পোলিং এজেন্টদের তালিকা তৈরি করে জমা দিতে বলা হয়েছে। এই ধরনের কেন্দ্রে নিরাপত্তার নিশ্চয়তা কতটা থাকবে, সেই প্রশ্ন তোলেন বিজেপির আহ্বায়ক অসিত বাগ, কংগ্রেসের প্রশান্ত মণ্ডল, সিপিএমের দেবু চৌধুরী প্রমুখ। তিনজনই বলেন, মহিলা পরিচালিত বুথগুলির নিরাপত্তার জন্য শুধু দু’জন লাঠিধারী মহিলা হোমগার্ড দিলে হবে না। ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে পর্যাপ্ত মহিলা আধাসামরিক বাহিনী এবং মহিলা পুলিশ মোতায়েন করতে হবে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস চক্রবর্তী অবশ্য নীরব ছিলেন। সব শোনার পর আরও কৌশিক মাইতি আশ্বাস দেন, বুথ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এই বিধানসভার মোট ভোটকেন্দ্র কত হবে? সঠিক সংখ্যা বলতে না পারলেও আপাতত ২৯৫টি ভোটকেন্দ্র ও তার সঙ্গে অতিরিক্ত আরও পাঁচটি, অর্থাৎ মোট ৩০০টি ভোটকেন্দ্র থাকবে ধরে নিয়ে প্রস্তুত হতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলিকে। প্রসঙ্গত, এসআইআরে মহেশতলা বিধানসভা কেন্দ্রে আগেই প্রায় ৩৩ হাজার ৩৫৫ ভোটারের নাম বাতিল হয়েছে। ‘বিচারাধীন’ রয়েছেন ১৬ হাজার ৮৪১জন। এর মধ্যে ৪ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে বলে খবর।



