Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এপ্রিল থেকে রাজ্যের ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের আশঙ্কা

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ব্যবস্থা না নিলে রাজ্যগুলিতে জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের ভরতুকিতে চাল-গম সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে মোদি সরকার।

এপ্রিল থেকে রাজ্যের ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের আশঙ্কা
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ব্যবস্থা না নিলে রাজ্যগুলিতে জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের ভরতুকিতে চাল-গম সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে মোদি সরকার। যেক্ষেত্রে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাতে কেন্দ্র এটা বাস্তবে কার্যকর করলে ৩১ মার্চের পর রাজ্যে প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। গোটা দেশে এই সংখ্যা ৮০ লক্ষের মতো।

Advertisement

এক শ্রেণির সন্দেহজনক রেশন গ্রাহকের তথ্য যাচাই করে যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কিছুদিন যাবৎ রাজ্য সরকারগুলিকে বলছিল। বিভিন্ন মন্ত্রক থেকে এই গ্রাহকদের বৈধতা বা অস্তিত্ব সম্পর্কে রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। দেশের সব রাজ্য মিলিয়ে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ রেশন গ্রাহকের তথ্য যাচাই করতে বলা হয়। সেইমতো গ্রাহকদের বৈধতা বা অস্তিত্ব না পেলে রাজ্য প্রশাসনকে (কেন্দ্রশাসিত এলাকার ক্ষেত্রে সেখানকার প্রশাসনকে) সেই কার্ডগুলি বাতিল করতে হবে। এখনো পর্যন্ত গোটা দেশের নিরিখে প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহকের যাচাই প্রক্রিয়া (৬৯ শতাংশ) সম্পন্ন হয়েছে। কার্ড বাতিল হয়েছে তার মধ্যে ২ কোটি ১৫ লক্ষ এবং এখনো ২ কোটি ১ লক্ষ কার্ড ঠিক আছে।  
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন রেশন গ্রাহকের তথ্যাদি যাচাই করতে বলা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে সব মিলিয়ে যাচাই হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ। কাজ হয়েছে তার ৩১ শতাংশ। বাদ দেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার। বৈধ গ্রাহকের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮৭ হাজার। কেন্দ্রের পাঠানো তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনো ১২ লক্ষাধিক কার্ডের তথ্য যাচাই বাকি আছে। 
সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের একটি বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যাচ্ছে, রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ মার্চের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই সম্পূর্ণ করতে হবে। অন্যথায় যাঁদের যাচাই বাকি রয়েছে তাঁদের ভরতুকিতে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। 
রাজ্য খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোটা প্রশাসন বেশ কিছুদিন ধরে এসআইআর এবং নির্বাচনি প্রক্রিয়ায় ব্যস্ত থাকায় যাচাইয়ের কাজ গতি হারিয়েছে। ভোট মিটে গেলে এই কাজ দ্রুত করা হবে। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, পশ্চিমবঙ্গসহ বেশকিছু রাজ্যে নির্বাচনি প্রক্রিয়া এবং এসআইআর চলছে। সেখানে আরো সময় দেওয়ার জন্য তাঁরাও খাদ্যমন্ত্রকের কাছে দাবি জানাবেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন অছিলায় খাদ্যে ভরতুকি কমাতে চাইছে। এই উদ্যোগ তারই একটি বলে অভিযোগ করেছেন তিনি। যাচাইয়ের নামে পরবর্তী পর্যায়ে আরো কিছু রেশন গ্রাহককে বাতিল করতে চাইছে কেন্দ্র। 
কেন্দ্রের তরফে ভরতুকি মূল্যে সরবরাহ বন্ধ করা হলে রাজ্যের ক্ষেত্রে কী হবে? রাজ্যে জাতীয় প্রকল্পের আওতায় ৬ কোটি রেশন গ্রাহক আছেন। তাঁদের চাল সরবরাহ করা হয় রাজ্য সরকার থেকে। কেন্দ্র চালের জন্য ভরতুকি বন্ধ করলেও রাজ্য ১২ লক্ষ কার্ডের ক্ষেত্রে সরবরাহ বজায় রাখতে পারবে। এতে রাজ্যের আর্থিক ক্ষতি হবে। অন্যদিকে, ওই ১২ লক্ষ কার্ডধারীর গম সরবরাহ বন্ধ হতে পারে, কারণ সেটা সরবরাহ করে কেন্দ্র।

সম্পর্কিত সংবাদ