Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোর্ড মিটিংয়ে গরহাজির ১১ তৃণমূল কাউন্সিলার, নতুন অঙ্ক কোচবিহারে!

অথচ এই গুরুত্বপূর্ণ সভায় তৃণমূলের ১৮ জন কাউন্সিলারের মধ্যে ১১ জনই অনুপস্থিত ছিলেন

বোর্ড মিটিংয়ে গরহাজির ১১ তৃণমূল কাউন্সিলার, নতুন অঙ্ক কোচবিহারে!
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের প্রভাব কী এবার সরাসরি কোচবিহার পুরসভায় পড়ল? বুধবার পুরসভার ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট ও বোর্ড মিটিং ছিল।  অথচ এই গুরুত্বপূর্ণ সভায় তৃণমূলের ১৮ জন কাউন্সিলারের মধ্যে ১১ জনই অনুপস্থিত ছিলেন। তৃণমূলের সাতজন এবং দু’জন বাম কাউন্সিলার উপস্থিত থাকায় কোওক্রমে কোরাম হয়। এর ফলে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দুই বৈঠক করতে পেরেছেন। 

Advertisement

বেশকিছু দিন ধরেই গোষ্ঠী কোন্দলের কারণে কোচবিহারে তৃণমূল কার্যত দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে। এবার পুরসভার বাজেট ও বোর্ড মিটিংকে কেন্দ্র করে এমন চিত্র ফুটে ওঠায় স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিন বৈঠকের আগে থেকেই পুরসভা চত্বরে পুলিস মোতায়ন ছিল। উপস্থিত তৃণমূল কাউন্সিলাররা একসঙ্গে পুরসভায় আসেন। দুই বাম কাউন্সিলার কিছুক্ষণ পরে পুরভবনে প্রবেশ করেন। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পুরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ মোট ১১জন তৃণমূল কাউন্সিলারই আসেননি। কেন গুরুত্বপূর্ণ বাজেট বৈঠকে এলেন না তাঁরা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৈঠকে ১, ৭, ৮, ১৫, ১৬, ১৯, ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এসেছিলেন। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চেয়ারম্যান রবি ঘোষ। এছাড়াও ১৩ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার এসেছিলেন। 
এদিন বাজেট বৈঠকে পুরসভায় ১৯৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। চেয়ারম্যান রবি ঘোষ বলেন, ১১ জনকে থাকতেই হবে সেটা কে বলেছেন? যাঁরা গরহাজির ছিলেন, তাঁদের না জিজ্ঞাসা করে কারণ বলতে পারব না। কেউ ব্যস্ত থাকতেই পারেন। কোরামের জন্য যতজন সদস্যের উপস্থিতি দরকার ছিল, তার চেয়ে বেশি সদস্যই ছিলেন। আমার কাজ মিটিং ডাকা। আইন অনুসারে মিটিং করেছি। কেন কাউন্সিলাররা আসেননি, তাঁরা নিজেরাই ব্যাখ্যা দেবেন। বাজেট অধিবেশনে ১৯৩ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট পাশ হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার টাকা। ৭ কোটি ৩৩ লক্ষ ১০ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পাশ হয়েছে। নিকাশি, পানীয় জল সরবরাহ, শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে। 
জেলা তৃণমূল সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক বলেন, আমি ভোটার তালিকা সংশোধনীর কাজে ব্যস্ত ছিলাম। তাই যেতে পারিনি। বাকি কাউন্সিলাররা কেন যাননি খোঁজ নিয়ে দেখব। প্রাক্তন চেয়ারম্যান তথা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভূষণ সিং বলেন, আমি অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারিনি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ