নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ।’ বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলে উৎসাহভাতা দেবে বলেই বড় মুখ করে গত আর্থিক বাজেটে (২০২৪-২৫) ঘোষণা করেছিল মোদি সরকার। স্রেফ কর্মীদেরই নয়। নিয়োগকর্তাদেরও সাহায্য করা হবে বলে সংসদে বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এই প্রকল্প কার্যকর হয়নি বলে উঠল অভিযোগ। এমনকী এই প্রকল্পের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকাও পড়ে রইল অব্যবহৃত।
ক্ষমতায় আসার আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ছিল বছরে দু’ কোটি লোকের কর্মসংস্থান। বলাই বাহুল্য, সরকারি ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি পালনে নরেন্দ্র মোদি ফেল। এবার সংসদে দাঁড়িয়ে ঘোষণা করা প্রকল্প রূপায়ণেও ব্যর্থ বলে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদির প্রতিশ্রুতিকে ‘জুমলা’ অর্থাৎ ভাঁওতা বলে তোপ দাগলেন।
শুক্রবার সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে রাহুলের প্রশ্ন, ২০২৪ সালে
ভোটের পর ঢাক পিটিয়ে বলা হয়েছিল বেকার যুবকদের চাকরি দেওয়া হবে। ঘোষণা করা হয়েছিল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ। বরাদ্দ হয়েছিল ১০ হাজার কোটি টাকা। কিন্তু বছর পার হয়ে গেলেও সেই টাকা ব্যবহার হল না। রাহুল গান্ধীর বক্তব্য,
স্রেফ কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ ফোকাস করে কিছু হবে না। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি
শিল্পে জোর দিতে হবে। সেখানেই বিনিয়োগ প্রয়োজন। -ফাইল চিত্র