নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে বিদেশে ভুয়ো চাকরির টোপ। সেই টোপ গিললে জাল ভিসা বানিয়ে মোটা টাকা আত্মসাৎ। ভিসা প্রতি ১০ লক্ষ টাকা। চাঞ্চল্যকর অভিযোগে কল সেন্টারের মালিককে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিস। স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রোহন আগরওয়াল (৪৭)। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তিনি।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে গার্ডেনরিচের আয়রন গেটের কাছে একটি পাঁচ তলা অফিসের কল সেন্টার চালাচ্ছিল। বিভিন্ন কোম্পানির মালিক হিসেবে নিজেদের পরিচয় দিতে তারা। যদিও তদন্ত দেখা গিয়েছে, সমস্ত কোম্পানিই ভুয়ো। বাস্তবে তাদের কোনও অস্তিত্বই নেই। এই কোম্পানিতে চাকরির টোপ দিয়ে একাধিক স্থানীয় যুবককে মোটা টাকা পারিশ্রমিক দিত অভিযুক্ত। বলা হতো, সেই সমস্ত অফিস বিদেশে অবস্থিত। কখনো মালয়েশিয়া, কখনো সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার টোপ দেওয়া হতো। পাশাপাশি, চাকরিপ্রার্থীদের বলা হয়, বিদেশে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থা। বদলে দিতে হবে ১০ লক্ষ টাকা। অভিযোগ, ৩-৪ জন যুবকের থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে রোহন। খবর পেয়ে ওই কল সেন্টারে হানা দেয় পুলিস। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট অফিস থেকে মেলে একাধিক জাল ভিসা, সিম কার্ড, চেক বই, ল্যাপটপ সহ একাধিক সামগ্রী। জাল ভিসা দিয়ে ওই ব্যক্তি কি করত? তা জিজ্ঞাসাবাদ করে পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত রোহন। এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কল সেন্টারের মালিককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। সিল করে দেওয়া হয়েছে ওই কল সেন্টার। পুলিস জানিয়েছে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।