নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনের ঘটনায় ডোমজুড়ের বেগড়ি থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। শনিবার রাতে ডোমজুড় থানার পুলিসকে সঙ্গে নিয়ে চুনীর মাঠ সংলগ্ন জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি কারখানায় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই ফেকারুল শেখ নামে ২৪ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই ধৃতকে নিয়ে মুর্শিদাবাদ রওনা দেয় তদন্তকারী দলটি। পুলিস সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ রতনপুরের বাসিন্দা ফেকারুল ডোমজুড়ে এসে গা ঢাকা দিয়েছিল। গত কয়েকদিন ধরে সে জালান কমপ্লেক্সের একটি কারখানায় শ্রমিকের কাজ করছিল। শনিবার রাতে কারখানায় কর্মরত অবস্থাতেই তাকে গ্রেপ্তার করে পুলিস। হাওড়া সিটি পুলিসের এক পদস্থ কর্তা বলেন, ‘শনিবার গভীর রাতে বেঙ্গল এসটিএফ ও মুর্শিদাবাদ পুলিসের একটি দল ডোমজুড় থানায় আসে। এরপরেই অভিযান হয়।’ গত ৮ এপ্রিল ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদের সূতি, ধুলিয়ানে দুষ্কৃতী তাণ্ডব চলে। ১১ এপ্রিল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের গাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হন পিতা-পুত্র। ওই ঘটনার তদন্তে ‘সিট’ গঠন করে নবান্ন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ডোমজুড়ে অভিযান চালিয়ে অন্যতম অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করে এসটিএফ। নিজস্ব চিত্র



