Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লি রোডে লরি থামিয়ে পণ্য হাতানোর অভিযোগে ধৃত ১, তদন্তে নেমে সাফল্য বউবাজার থানার

সেলস ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে কাগজপত্র দেখার নাম করে একটি লরি থেকে ৭০ লক্ষ টাকার মালপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল।

দিল্লি রোডে লরি থামিয়ে পণ্য হাতানোর অভিযোগে ধৃত ১, তদন্তে নেমে সাফল্য বউবাজার থানার
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেলস ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে কাগজপত্র দেখার নাম করে একটি লরি থেকে ৭০ লক্ষ টাকার মালপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার তদন্তে নেমে সোমবার বউবাজার থানার পুলিস কলকাতার আর্মেনিয়াম রোড থেকে এক ব্যক্তিকে পাকড়াও করেছে। বাকিদের খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ৩ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। 

Advertisement

পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, বউবাজার এলাকার একটি ট্রান্সপোর্ট কোম্পানি থেকে ৩৬টি সংস্থার প্রায় ৭০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে লরিটি দিল্লি রোড ধরে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন লরিটিকে আটকায়। লরির চালককে তারা সেলস ট্যাক্সের অফিসার বলে পরিচয় দেয়। মালপত্রের চালান ও অন্যান্য কাগজ দেখতে চায় এবং তল্লাশির নাম করে লরি থেকে সমস্ত মালপত্র নামায়। তারা জানায়, কাগজপত্র ঠিক নেই। টাকা দিতে হবে ট্রান্সপোর্ট কোম্পানির মালিককে। টাকা পেলে লরি ছেড়ে দেবে তারা। লরিচালক ট্রান্সপোর্ট সংস্থার কর্তাদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ওই সংস্থার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নামে বউবাজার থানার পুলিস। মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার সন্ধ্যায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন, পণ্যসামগ্রী উদ্ধার ও বাকিদের খুঁজে বের করতে ধৃতকে হেফাজতে নেওয়া দরকার। বিচারক তা মঞ্জুর করেন। অভিযুক্তের আইনজীবী আদালতে জামিনের আর্জি জানান। পুলিস স্রেফ সন্দেহের বশে আমার মক্কেলকে গ্রেপ্তার করেছে। সরকারপক্ষ তার জোরালো আপত্তি জানায়। এরপর বিচারক ধৃতের জামিনের আবেদন বাতিল করে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ