মুম্বই: আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই মেগা আসরই এখন পাখির চোখ টিম ইন্ডিয়ার। কারণ, ২০২৩ সালে দেশের মাটিতে ফাইনালে পৌঁছেও স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের। সেই আক্ষেপ এবার মেটাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। কিন্তু সমস্যা হল, ২০২৭ বিশ্বকাপের দলে রোহিত-বিরাটকে রাখা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে ভারতীয় বোর্ডকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন যুবরাজ সিং। এক সাক্ষাৎকারে যুবি বলেন, ‘অতীতে যখনই ভারত টুর্নামেন্টের শেষবেলায় বড়ো কিছু রদবদল করেছে, ব্যর্থ হয়েছে। এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। তাই এখন থেকেই একটি নির্দিষ্ট দল গড়ায় জোর দিতে হবে। ১৬-২০ জন ক্রিকেটারকে নিয়মিত গেম টাইম দিতে হবে। কারণ ইদানীং ওডিআই ক্রিকেট এমনিতেই কম হয়। তাই দু-একটা টুর্নামেন্টে কেউ ব্যর্থ হলেও বোর্ডকে পাশে থাকতে হবে। স্কোয়াডের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি।’ সেই সঙ্গে যোগ করেন, ‘এখন থেকেই খেতাব জেতার কথা চিন্তা করলে হবে না। সবার আগে সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড বানাতে হবে।’



